শিক্ষকের শাস্তি থেকে বাঁচতে স্কুলের বারান্দা থেকে ছাত্রের ঝাঁপ!
বাড়ির কাজ (হোমওয়ার্ক) না করায় শাস্তি দিয়েছেন শিক্ষক। সেই শাস্তির আতঙ্কে স্কুলের দোতলা থেকে ঝাঁপ দিয়েছে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের আলিগড়ের একটি স্কুলে।
আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে সেখানেই সে চিকিৎসাধীন।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, অষ্টম শ্রেণির ওই ছাত্র তার স্কুলের উর্দু বিভাগের শিক্ষকের দেওয়া হোমওয়ার্ক শেষ না করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও তৈরিতে ব্যস্ত ছিল। বিষয়টি জানতে পারেন তার শিক্ষক। এর পরই তিনি রেগে গিয়ে ওই ছাত্রটিকে শাস্তি দেন।
.png)
স্কুলের একটি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, শাস্তি পাওয়ার পর ছাত্রটি ক্লাসের বাইরে ফ্লোরে বসেছিল। তারপর হঠাৎই উঠে গিয়ে ঝাঁপ দেয়। ঘটনাটি তার সহপাঠীরা দেখতে পেয়ে তড়িঘড়ি সেই শিক্ষককে খবর দেয়।
স্কুল সূত্রে খবর, ছাত্রটির অবস্থা আশঙ্কাজনক। তার চিকিৎসা চলছে। এত উঁচু থেকে পড়ার কারণে তার মাথায় গুরুতর চোট লেগেছে। আলিগড়ের বন্নাদেবী পুলিশ স্টেশনে একটি মামলাও রুজু করা হয়েছে।
আরো পড়ুন>> যুক্তরাষ্ট্রে ইঁদুর মারার চাকরি, বেতন ১ কোটি ৭৪ লাখ টাকা
বন্নাদেবী পুলিশ স্টেশনের এক তদন্তকারী অফিসার জানান, হোমওয়ার্ক শেষ না করায় ছাত্রটি আতঙ্কিত হয়ে পড়ে। মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে সে আত্মহত্যার চেষ্টা করে।
এরইমধ্যে সেই শিক্ষকসহ পাঁচ জন ছাত্রের বয়ান তারা নিয়েছেন। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। ঘটনাটির পর ছাত্রটির বাবা-মা সেই শিক্ষক এবং উপরের ক্লাসের কিছু ছাত্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন।
সূত্র: ইন্ডিয়া ডটকম, আনন্দবাজার