ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কাঠের বাক্সে ৪ খুলি, বিমানবন্দরে হুলুস্থুল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৬, ১ জানুয়ারি ২০২৩
কাঠের বাক্সে ৪ খুলি, বিমানবন্দরে হুলুস্থুল
ছবি: সংগৃহীত

মেক্সিকোর বিমানবন্দরে একটি বাক্সের ভেতর থেকে উদ্ধার হয়েছে মানুষের মাথার চারটি খুলি। এগুলো কুরিয়ারে যুক্তরাষ্ট্রে পাঠানোর চেষ্টা করা হচ্ছিল বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) দেশটির জাতীয় নিরাপত্তা বাহিনী জানায়, মধ্য মেক্সিকোর কুয়েরেতারো ইন্টারকন্টিনেন্টাল বিমানবন্দরে কাঠের বাক্সের ভেতরে অ্যালুমিনিয়াম ফয়েল পেপারে মোড়ানো অবস্থায় মাথার খুলিগুলো পাওয়া যায়।

বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর, খুলিভর্তি বাক্সটি পাঠানো হয়েছিল মেক্সিকোর পশ্চিম উপকূলীয় অঞ্চল মিচোয়াক্যান থেকে। এই অঞ্চলটি হিংসার জন্য কুখ্যাত। বাক্সটি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনার ম্যানিংয়ে পাঠানো হচ্ছিল।

Advertisement

জানা গেছে, মানবদেহাবশেষ স্থানান্তরের জন্য স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে একটি বিশেষ অনুমতির প্রয়োজন হয়, যা উদ্ধার হওয়া খুলিগুলোর জন্য নেওয়া হয়নি।

আরো পড়ুন>> ৪০ বছর পরিচ্ছন্নতাকর্মীর কাজ করা নারী এখন গয়ার ডেপুটি মেয়র

এদিকে বক্সে খুলিগুলো কাদের, কোন বয়সী মানুষের, পুরুষ না মহিলার সেসব বিষয় খতিয়ে দেখছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। এছাড়া পুলিশ এই বাক্স প্রেরকের খোঁজ করাও শুরু করেছে।

বিমানবন্দরের এক নিরাপত্তাকর্মী জানান, যাত্রীদের ব্যাগ পরীক্ষা করা হচ্ছিল। সেই সময় কাঠের বাক্সটি পরীক্ষা করতে গিয়ে স্ক্যানারে অদ্ভুত কিছু জিনিস চোখে পড়ে। সন্দেহজনক কোনো বস্তু রয়েছে কি না তা খতিয়ে দেখতে বাক্সটি খোলা হয়। তখনই দেখা যায়, চারটি খুলি ফয়েল পেপার দিয়ে মোড়ানো রয়েছে।

তার ভাষ্য, খুলিগুলো কুরিয়ারের মাধ্যমে পাঠানো হচ্ছিল। কিন্তু কী কারণে এগুলো পাঠানো হচ্ছিল, এগুলো কাদের খুলি তা নিয়ে একটা রহস্য তৈরি হয়েছে। সেই রহস্যভেদের চেষ্টা চলছে।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!