ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

২৩ লাখ রুপি বিল বাকি রেখেই ফাইভ স্টার হোটেল থেকে পালালো প্রতারক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৫২, ১৭ জানুয়ারি ২০২৩
২৩ লাখ রুপি বিল বাকি রেখেই ফাইভ স্টার হোটেল থেকে পালালো প্রতারক
ছবি: সংগৃহীত

ভারতের একটি পাঁচতারকা হোটেলে ২৩ লাখ রুপি বিল বাকি রেখে পালিয়ে গেছে একজন প্রতারক। 

মঙ্গলবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ওই প্রতারক নিজেকে মুহাম্মদ শরিফ নামে পরিচয় দিয়ে রাজধানী দিল্লির লীলা প্যালেস হোটেলে ২০২২ সালের আগস্টে উঠেছিলেন।

তিনি আরো পরিচয় দিয়েছিলেন, তিনি নাকি আরব আমিরাতের রাজপরিবারের ঘনিষ্ঠ লোক। তার সঙ্গে শেখ ফালাহ বিন জায়েদ আল নাহিয়ানের সুসম্পর্ক রয়েছে। ভারতে ব্যাবসায়িক কাজে গেছেন বলেও দাবি করেছেন।

প্রতারক শরিফ ওই হোটেলে গত বছরের ১ আগস্ট থেকে ২০ নভেম্বর পর্যন্ত প্রায় চার মাস অবস্থান করেন। এই সময় পর্যন্ত ৩৫ লাখ রুপির সেবা গ্রহণ করেন। এর মধ্যে পরিশোধ করেন মাত্র ১১ লাখ রুপি। আর বাকি রাখেন ২৩ লাখ রুপি। এই বিপুল অর্থ বকেয়া রেখেই পালিয়ে যান তিনি।

আরো পড়ুন>> নেপালে উড়োজাহাজ বিধ্বস্ত: ড্রোন নামিয়ে চলছে শেষ দুই আরোহীর মরদেহের সন্ধাণ

কথিত মুহাম্মদ শরিফ হোটেলটির ৪২৭ নম্বর রুমে উঠেছিলেন। প্রায় চার মাস পর হঠাৎ একদিন পালিয়ে যান। শুধু তাই নয়, ঘর থেকে দামি রুপা ও মুক্তাখচিত পাত্র চুরি করে নিয়ে যান। এ ছাড়া যাওয়ার আগে দিয়ে যান ২০ লাখ রুপির একটি ভুয়া চেক।

দিল্লি পুলিশ জানিয়েছে, মুহাম্মদ শরিফ হোটেলে তার একটি বিজনেস কার্ড এবং আরব আমিরাতে থাকার কার্ড দেখিয়েছিলেন। এ ছাড়া বিশ্বস্ততা অর্জনে হোটেলের কর্মচারীদের সঙ্গে আমিরাতের বিভিন্ন গল্প বলতেন।

এরই মধ্যে বিষয়টির তদন্তে নেমেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, মুহাম্মদ শরিফ যেসব পরিচয় দিয়েছেন, তার সবগুলোই ভুয়া। সিসিটিভি দেখে ওই ব্যক্তিকে শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!