ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিশ্বে প্রতি চারদিনে ১ জন সাংবাদিককে হত্যা: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৪১, ১৯ জানুয়ারি ২০২৩
বিশ্বে প্রতি চারদিনে ১ জন সাংবাদিককে হত্যা: জাতিসংঘ
ছবি: সংগৃহীত

২০২২ সালে বিশ্বব্যাপী সাংবাদিক হত্যার ঘটনা ব্যাপকহারে বেড়েছে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো জানিয়েছে, গত বছর বিশ্বে প্রতি চারদিনে একজন সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে।

ইউনেস্কো প্রকাশিত ২০২১-২২ ফ্রিডম অব এক্সপ্রেশন রিপোর্টে এসব তথ্য জানানো হয়েছে। জাতিসংঘের ওয়েবসাইটে রিপোর্টটি প্রকাশ করা হয়েছে।

ইউনেস্কোর রিপোর্টে দেখা গেছে, ২০২২ সালে বিশ্বব্যাপী মোট ৮৬ জন সাংবাদিক এবং গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন, যা আগের তুলনায় অনেক বেশি। ২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত গড়ে সাংবাদিক নিহতের সংখ্যা ছিল ৫৮।

Advertisement

বিশ্বে সাংবাদিক নিহতের সংখ্যা বাড়ার মধ্যে লাতিন আমেরিকা ছিল সবচেয়ে প্রাণঘাতী। গতবছর সেখানে ৪৪ জন সাংবাদিক বা গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন। এরপরেই রয়েছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। সেখানে নিহত হয়েছে ১৬ সাংবাদিক। আর পূর্ব ইউরোপে নিহত হয়েছেন ১১ সাংবাদিক।

আরো পড়ুন>> আরো ১০ হাজার কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট

তিন-চতুর্থাংশ সাংবাদিক সংঘাত চলছে না এমন জায়গায় খুন হয়েছেন। মূলত সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র সংঘাত ও জঙ্গিবাদের উত্থান নিয়ে কাজ করায় সাংবাদিকদের হত্যা করা হয়েছে। এ ছাড়া দুর্নীতি, পরিবেশগত অপরাধ, ক্ষমতার অপব্যবহার ও বিক্ষোভ নিয়ে প্রতিবেদন করার কারণেও সাংবাদিকরা প্রাণ হারিয়েছেন।

ইউনেস্কো বলছে, সাংবাদিক হত্যায় দায়মুক্তির হার প্রায় ৮৬ শতাংশ, যা ‘আশ্চর্যজনকভাবে খুবই বেশি’৷ এই হার গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ বলেও জানিয়েছে জাতিসংঘের সংস্থাটি।

খুন হওয়া ছাড়াও গত বছর সাংবাদিকরা অন্যরকম নিপীড়নের শিকার হয়েছেন৷ এর মধ্যে আছে গুম, অপহরণ, জোরপূর্বক আটকে রাখা, মামলা দিয়ে হয়রানি ও অনলাইন সহিংসতা। বিশেষ করে নারী সাংবাদিকেরা এমন সহিংসতার শিকার হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!