ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পাকিস্তানে পুলিশের গাড়িতে বোমা হামলা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৪৭, ১০ এপ্রিল ২০২৩
পাকিস্তানে পুলিশের গাড়িতে বোমা হামলা, নিহত ৪
ছবি: সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় শক্তিশালী বোমা বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৫ জন।

সোমবার (১০ এপ্রিল) শহরটির শাহরাহ-ই-ইকবাল এলাকার কান্ধারি বাজারে এ ঘটনা ঘটে।

এসএসপি অপারেশন অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন জোহাইব মহসিন জানান, পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে এই বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরক একটি মোটরসাইকেলে রাখা ছিল।

Advertisement

তিনি জানান, আহতদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে। তাদের দ্রুত কোয়েটার সিভিল হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।

কোয়েটা হাসপাতালের মুখপাত্র ওয়াসিম বেগ বলেন, আমরা সিভিল হাসপাতালে এ পর্যন্ত চারটি মৃতদেহ এবং ১৫ জন আহতকে পেয়েছি।

আরো পড়ুন>> বিশ্ববাজারে ফের কমলো স্বর্ণের দাম

জানা গেছে, মোটরসাইকেলে চার থেকে পাঁচ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে, যা রিমোট কন্ট্রোল দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে।

গত ২৪ ঘণ্টার মধ্যে দেশটির পুলিশের ওপর এটি দ্বিতীয় হামলা। এর আগে রোববার সন্ধ্যায় কোয়েটায় পুলিশ ঈগল স্কোয়াডেও হামলা হয়েছে। ওই হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত এবং অন্য একজন আহত হয়েছেন। এছাড়া পুলিশের গুলিতে এক হামলাকারী নিহত হয়েছে।

হাসপাতালে উপস্থিত পুলিশ কর্মকর্তা মিতা খান বলেছেন, যে গাড়িটি নিশানা করা হয়েছে, সেটি এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার। তিনি একটি থানায় যাচ্ছিলেন। ঊর্ধ্বতন ওই কর্মকর্তা অক্ষত রয়েছেন, তবে হামলায় তার গাড়িচালক এবং দেহরক্ষী মারা গেছেন।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!