ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সুদান থেকে বিশেষ ব্যবস্থায় মার্কিন কর্মকর্তাদের উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৫, ২৩ এপ্রিল ২০২৩
সুদান থেকে বিশেষ ব্যবস্থায় মার্কিন কর্মকর্তাদের উদ্ধার
ছবি: সংগৃহীত

উত্তর আফ্রিকার দেশ সুদানের রাজধানী খার্তুম থেকে নিজ দেশের কূটনৈতিক কর্মীদের উদ্ধার করেছে মার্কিন সামরিক বাহিনী। 

রোববার (২৩ এপ্রিল) প্রেসিডেন্ট জো বাইডেন এই তথ্য জানিয়েছেন।

মার্কিন কর্তৃপক্ষ বলেছে, এই অভিযান দ্রুত ও পরিষ্কারভাবেই সম্পন্ন হয়েছে।

Advertisement

রোববার ভোরে সবমিলিয়ে কূটনৈতিক ও তাদের পরিবারের সদস্যসহ ১০০ জনের মতো মার্কিন নাগরিককে উদ্ধার করা হয়েছে। এই উদ্ধারকাজে তিনটি হেলিকপ্টার মার্কিন দূতাবাসের কাছে অবতরণ করেছিল। 

আরো পড়ুন>> অসুস্থ কনেকে বিয়ে করতে হাসপাতালে বর

সুদানের সেনা ও আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে ক্ষমতা দখল নিয়ে গত কয়েকদিন ধরেই দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। এ অবস্থায় সাধারণ মানুষসহ বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা হুমকির মুখে। পরিস্থিতি বিবেচনায় রোববার ভোরে ৬টি বিমানে করে নিজ দেশের নাগরিক ও কূটনীতিকদের সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। 

মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় এবং সুরক্ষা দেওয়া হচ্ছে বলে টুইট বার্তায় জানিয়েছে আরএসএফ। তবে ঠিক কতজন মার্কিন নাগরিককে উদ্ধার করা হয়েছে তা উল্লেখ করা হয়নি। যুক্তরাষ্ট্রও এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি। গত সপ্তাহে খার্তুমে সহিংসতা শুরুর পর এটি দ্বিতীয় উদ্ধার কার্যক্রম। তবে পুরো বিষয়টি কীভাবে করা হলো, বিস্তারিত জানা যায়নি।

আরবি নিউজ সার্ভিস আল-হাদাথ জানিয়েছে, ছয়টি বিমান দূতাবাসের কম্পাউন্ডে অবতরণ করেছিল। কয়েকজন টুইটার ব্যবহারকারী পোস্টে লিখেন, তারা মার্কিন দূতাবাসের ওপর হেলিকপ্টারের শব্দ শুনতে পান। তবে বিবিসি এর সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি।

আরো পড়ুন>> থাইল্যান্ডে তীব্র তাপদাহ, সতর্কতা জারি

খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দরে সেনা ও বেসামরিক বাহিনীর মধ্যে লড়াই চলছে। কয়েকটি বিমান জ্বালিয়ে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানবন্দর। এ অবস্থায় সেখানে ফ্লাইট পরিচালনা করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

এদিকে (২৩ এপ্রিল) শনিবার ১৫০ জনেরও বেশি নাগরিক, কূটনীতিক এবং আন্তর্জাতিক কর্মকর্তাদের সাগরপথে সৌদি আরবের জেদ্দা বন্দরে সরিয়ে নেওয়া হয়েছে। তারা বেশিরভাগ উপসাগরীয় দেশগুলোর পাশাপাশি মিসর, পাকিস্তান এবং কানাডার নাগরিক ছিলেন।

এদিকে যুক্তরাজ্য জানিয়েছে, তারা নিজেদের কর্মী সরিয়ে নেয়ার উপায় খুঁজছে। যাদের জরুরি সহায়তার প্রয়োজন তাদের জন্য একটি হটলাইন খোলা হয়েছে। সুদানে ব্রিটিশ নাগরিকরা কোথায় অবস্থান করছেন, তা পররাষ্ট্র দফতরে জানাতে অনুরোধ করা হচ্ছে। এছাড়া কানাডা সরকার সুদানে তাদের নাগরিকদের ‘নিরাপদ স্থানে আশ্রয় নিতে’ বলেছে। 

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!