টেক্সাসে জিভ উপড়ানো অবস্থায় ৬টি গরুর রহস্যজনক মৃত্যু
এক নয়, দুই নয়, রহস্যজনক ভাবে একসঙ্গে ছয়টি গরুর মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাসে। শহরের বিভিন্ন প্রান্তে রাস্তায় ধারে তাদের মৃতদেহ পড়ে থাকতে দেখা গিয়েছে। প্রত্যেকটি গরুরই জিভ কেউ বা কারা উপড়ে ফেলেছেন। চোয়ালও কেটে দিয়েছেন। কিন্তু রহস্য ঘনিয়েছে অন্যত্র। এই কাটাকাটিতেও গরুগুলির শরীর থেকে কোনও রক্ত বেরোয়নি।
ছয়টি গরুর এমন রহস্যময় মৃত্যু দেখে চমকে গিয়েছে স্থানীয় প্রশাসন। টেক্সাসের পুলিশ দেহগুলি পরীক্ষা নিরীক্ষা করে মৃত্যুর কারণ খোঁজার চেষ্টা করছে। বলা হচ্ছে, মৃত্যুর সময় কোনও ধস্তাধস্তির প্রমাণও মেলেনি। গরুগুলির চারপাশে যে ঘাস ছিল, তাতেও কোনও সংঘর্ষের চিহ্ন নেই। ঘাস যেমন ছিল, তেমনই রয়েছে। তাতে কারও পায়ের ছাপও পাওয়া যায়নি।
বিশেষজ্ঞেরা গরু হত্যার ধরন দেখে মনে করছেন, দক্ষ হাতে কেউ নিপুণ অস্ত্রোপচারের মাধ্যমে গরুগুলির জিভ কেটে নিয়েছেন। গরুগুলিকে মারাও হয়েছে সে ভাবেই। গোটা প্রক্রিয়ায় কোনও ত্রুটি ছিল না। প্রত্যেকটি গরুকেই পাওয়া গিয়েছে কোনও না কোনও হাইওয়ের ধারে।
.png)
আরো পড়ুন>> নবজাতককে টয়লেটের জানালা দিয়ে বাইরে ছুড়ে ফেললেন মা!
পুলিশ সূত্রে জানানো হয়েছে, মৃত ছ’টি গরু আলাদা আলাদা প্রজাতির। দু’টি গরুর ক্ষেত্রে পশ্চাদ্দেশে গোল করে চামড়া কেটে পায়ুদ্বার এবং যৌনাঙ্গ বার করা হয়েছে বলেও জানিয়েছেন তদন্তকারীরা।
তাৎপর্যপূর্ণ হল, এই গরুর মরদেহগুলি রাস্তার ধারে পড়ে থাকলেও অন্য কোনও পশু বা পাখি তার ধারেকাছেও ঘেঁষেনি। কী থেকে গরুগুলির এমন পরিণতি হল, খুঁজে বার করার চেষ্টা চলছে। তবে বহু উত্তরই এখনও পুলিশের অধরা। এই সংক্রান্ত কোনও তথ্য কারও কাছে থাকলে, পুলিশের সঙ্গে যোগাযোগ করতেও বলা হয়েছে।
সূত্র: ইন্ডিপেন্ডেন্ট ইউকে, আনন্দবাজার