শুক্রবার (২৮ জুলাই) দিল্লি পুলিশ জানিয়েছে, মালবীয় নগরের একটি পার্কে এক তরুণীর দেহ পড়ে থাকতে দেখা যায়। পাশেই পড়ে ছিল একটি লোহার রড। নার্গিস নামের ২৫ বছর বয়সী ওই তরুণীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মালবীয় নগরের বিজয় মণ্ডল পার্কে নার্গিসের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়েরা। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তরুণীর দেহে, বিশেষ করে মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। দেহটি ময়নাতদন্তে পাঠানো হবে। সেই রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে মনে করছেন পুলিশ কর্মকর্তরা।
.png)
মরদেহের পাশে পড়ে থাকা রডটিও নিয়ে গেছে পুলিশ। সেই রডে কারও হাতের ছাপ রয়েছে কি না তা পরীক্ষা করে দেখা হবে।
পুলিশ জানিয়েছে, দিল্লির কমলা নেহরু কলেজের ছাত্রী নার্গিস এক সঙ্গীর সঙ্গে পার্কে আসেন। সঙ্গীর নাম ইরফান। তাদের মধ্যে বিয়ের প্রস্তাব চলছিল। কিন্তু ইরফানের চাকরি না থাকায় বিয়ের প্রস্তাব মেনে নেয়নি নার্গিসের পরিবার।
ইরফানকে নার্গিস জানিয়ে দেয় আর যোগাযোগ না রাখার কথা। এতে ক্ষিপ্ত হয়ে তাকে রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, রড দিয়ে মাথায় মারার কারণেই মৃত্যু হয় নার্গিসের। কিন্তু জনবহুল এলাকার মধ্যে এই ঘটনা ঘটলো কী করে? প্রশ্নের মুখে সেখানের পুলিশ প্রশাসনের ভূমিকা।