বার্গারের আকার ছোট বলে মামলা দায়ের!
মেন্যুতে দেওয়া ছবির তুলনায় আকারে ছোট বার্গার দিয়ে বিপাকে পড়েছে বার্গার কিং। রীতিমতো মামলার মুখোমুখি হচ্ছে বিশ্বখ্যাত এই ফাস্টফুড চেইন। বুধবার সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
বার্গার কিংয়ের বিরুদ্ধে অভিযোগ, ছবিতে মাংসল প্যাটি এবং বানের ওপর অতিরিক্ত উপাদান দেখিয়ে গ্রাহকদের বিভ্রান্ত করা হচ্ছে। যে হুপার স্যান্ডউইচ ভোক্তাদের দেওয়া হয়েছে, এর চেয়ে ৩৫ শতাংশ বড় দেখানো হয়েছে ছবিতে। মাংসের পরিমাণও দেখানো হয়েছে দ্বিগুণের বেশি।
আমেরিকার মিয়ামির ডিস্ট্রিক্ট জজ রয় অল্টম্যান বলেন, বার্গার কিংকে অবশ্যই ভোক্তাদের অভিযোগ নিয়ে আইনি লড়াইয়ের সম্মুখীন হতে হবে। ভোক্তাদের বিভ্রান্ত করা প্রতিষ্ঠানের চুক্তির লঙ্ঘন।
.png)
এদিকে অভিযোগ অস্বীকার করেছে বার্গার কিং। তবে বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হয়নি এই ফাস্টফুড চেইন। এর আগে আদালতে করা এ সংক্রান্ত অভিযোগ বাতিল করার দাবি করেছিল বার্গার কিং কর্তৃপক্ষ।
আদালত সাফ জানিয়েছে, এই অভিযোগ নিয়ে মামলার মুখোমুখি হতে হবে বার্গার কিংকে। তবে বার্গার কিং টেলিভিশন এবং অনলাইন বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের বিভ্রান্ত করেছে এমন দাবি খারিজ করেছেন আদালত।