ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পূর্ব পুরুষদের গ্রাম পরিদর্শন করলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৫, ৩ সেপ্টেম্বর ২০২৩
পূর্ব পুরুষদের গ্রাম পরিদর্শন করলেন পুতিন
পূর্ব পুরুষদের গ্রাম পরিদর্শন করছেন ভ্লাদিমির পুতিন - ফাইল ছবি

রাশিয়ার রাজধানী মস্কোর নিকটবর্তী একটি গ্রাম আকস্মিক পরিদর্শন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গ্রামটির সঙ্গে পুতিনের পূর্ব পুরুষদের সম্পর্ক রয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) তুরগিনোভো নামের গ্রামটি পরিদর্শনে যান পুতিন। তার এই অঘোষিত সফরের সময় তাকে ঘিরে উল্লাস করেন শত শত গ্রামবাসী।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রুশ গণমাধ্যমকে বলেন, প্রেসিডেন্ট পুতিন তার পরিবারের সঙ্গে সম্পর্কযুক্ত জায়গাগুলো দেখতে তুরগিনোভো গ্রামে গিয়েছিলেন। তবে কী কারণে পুতিনের এই গ্রাম পরিদর্শন, সে ব্যাপারে বিশদ কোনো ব্যাখ্যা দেননি তিনি।

Advertisement

স্থানীয় সম্প্রচারমাধ্যমগুলোর পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, তুরগিনোভো গ্রামে একটি চত্বরে গাড়ি থেকে বের হচ্ছেন পুতিন। তাকে ঘিরে আনন্দ উচ্ছ্বাস করছেন অসংখ্য গ্রামবাসী।

একজন নারী পুতিনকে উদ্দেশ্য করে বলছেন, ‘আমাদের সঙ্গে দেখা করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের মনে রেখেছেন, এ জন্য আমরা কৃতজ্ঞ। আমরা আপনার সুস্বাস্থ্য ও সৌভাগ্য কামনা করি।’

কয়েক মিনিটের ওই ভিডিওতে পুতিনকেও কথা বলতে দেখা গেছে। স্থানীয় স্কুলের একজন বিজ্ঞান শিক্ষক ডক্টরেট ডিগ্রি নিয়েছেন জেনে বিস্ময় প্রকাশ করে পুতিন বলছেন, ‘যোগ্য ব্যক্তিদের আকৃষ্ট করতে স্কুলগুলোকে আরো উন্নত করা হবে।’

প্রেসিডেন্টকে কাছে পেয়ে গ্রামবাসীরা নানা আবদারের কথা বলেন। অনেকেই বলেন, তাদের আবাসন ব্যবস্থার আরো উন্নতি করা প্রয়োজন।

জবাবে গ্রামবাসীকে আস্বস্ত করে পুতিন বলেন, ‘হ্যাঁ, হ্যাঁ, আমি আপানাদের সঙ্গে একমত। আমরা ধীরে ধীরে সবকিছু করব।’

প্রতি বছরের ১ সেপ্টেম্বর রাশিয়ার স্কুলগুলোতে ‘নলেজ ডে’ পালন করা হয়। পুতিন স্থানীয় একটি স্কুল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের নলেজ ডের শুভেচ্ছা জানান।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!