এক বছর পর পৃথিবীতে ফিরলেন মহাকাশে আটকে পড়া ৩ নভোচারী
দীর্ঘ এক বছরের বেশি সময় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে ছিলেন তিন নভোচারী। অবশেষে তারা পৃথিবীতে ফিরেছেন। তিনজনের মধ্যে দু’জন রাশিয়ার ও একজন যুক্তরাষ্ট্রের নভোচারী।
বুধবার (২৭ সেপ্টেম্বর) কাজাখস্তানের একটি প্রান্তিক এলাকায় এই তিন নভোচারীকে বহনকারী সোয়ুজ ক্যাপসুলটি অবতরণ করে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
প্রতিবেদনে বলা হয়, যে ক্যাপসুলে করে তারা মহাকাশে গিয়েছিলেন সেটিতে একটি ‘স্পেস জাঙ্ক’ আঘাত হানে। ওই সময় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থান করা ক্যাপসুলটির সব তরল কুলান্ট পদার্থ বের হয়ে যায়।
.png)
এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে নতুন করে আরেকটি ক্যাপসুলে সেখানে পাঠানো হয়। এই ক্যাপসুলে করেই পৃথিবীতে ফিরে এসেছেন তারা।
এই তিন নভোচারীর মহাকাশে থাকার কথা ছিল ১৮০ দিন। কিন্তু ক্যাপসুলের সমস্যার কারণে সবমিলিয়ে ৩৭১ দিন সেখানে অবস্থান করতে হয়েছে তাদের।
আগের ক্যাপসুলটিতে একটি ছিদ্র ধরা পড়েছিল। তখন রাশিয়ার মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছিলেন, তারা সন্দেহ করছেন ক্যাপসুলটিতে একটি স্পেস জাঙ্ক আঘাত হেনেছে।
ওই সময় ক্যাপসুলটির তরল পদার্থ বের হয়ে যাওয়ার পর মহাকাশচারীদের জীবনের নিরাপত্তার কথা চিন্তা গত বছরের শেষ দিকে ক্যাপসুলটি খালি ফিরিয়ে নিয়ে আসে রাশিয়ার মহকাশ গবেষণা সংস্থা।
কিন্তু রাশিয়ার হাতে নতুন কোনো সয়ুজ মহাকাশ যান প্রস্তুত ছিল না যার মাধ্যমে তড়িঘড়ি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে পড়া নভোচারীদের ফিরিয়ে আনা যায়। অবশেষে চলতি মাসের শুরুর রাশিয়া আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নতুন একটি মিশন পাঠায়। যা সেখানে প্রায় দুই সপ্তাহ আগে পৌঁছায়। পরে সেই যানে করেই গতকাল বুধবার ওই তিন মহাকাশচারী পৃথিবীতে ফিরে আসেন।
নাসার তথ্য অনুসারে, রুবি, সের্গেই প্রকোপিয়েভ এবং দিমিত্রি পেতেলিন এই সময়ের মধ্যে ১ লাখ ৫৭৪ মাইল ভ্রমণ করেছে এবং পৃথিবীকে কেন্দ্র করে ৫ হাজার ৯৬৩ বার আবর্তন করেছে।