ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মার্কিন সমর্থনে আস্থা রাখুন, ইউক্রেনকে ছেড়ে যাবো না: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪৩, ২ অক্টোবর ২০২৩
মার্কিন সমর্থনে আস্থা রাখুন, ইউক্রেনকে ছেড়ে যাবো না: বাইডেন
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে শাটডাউন ঠেকাতে শেষ মুহূর্তে দেশটির কংগ্রেসে পাস হওয়া বাজেট চুক্তিতে ইউক্রেনকে আরো সামরিক তহবিল দেওয়ার বিষয়টি বাদ দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই প্রতিশ্রুতি প্রদান করলেন। এমনকি মার্কিন মিত্ররা তার এই প্রতিশ্রুতির ওপর ভরসা রাখতে পারে বলেও জানিয়েছেন তিনি। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান নামে আগ্রাসন শুরু করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এরপর দেড় বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনের পক্ষ নিয়ে তাদেরকে সহায়তা করে আসছে বিশ্ব পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা।

জানা গেছে, গত দুইদিন আগে যুক্তরাষ্ট্র সরকারের কেন্দ্রীয় সংস্থাগুলোর কার্যক্রম আরো ৪৫ দিনের জন্য চালু রাখতে ও শাটডাউন এড়াতে একেবারে শেষ মুহূর্তে মার্কিন কংগ্রেসের উভয়কক্ষে তহবিল বিল পাস হয়। তবে সেখানে কিয়েভের জন্য সামরিক সহায়তার ৬০০ কোটি মার্কিন ডলার অন্তর্ভুক্ত ছিল না। যদিও এটিই ছিল হোয়াইট হাউসের অন্যতম শীর্ষ অগ্রাধিকার।

Advertisement

কট্টরপন্থী রিপাবলিকানরা ইউক্রেনে আরোসামরিক সহায়তা দেওয়ার বিরোধিতা করে আসছেন। অনেকে আবার এ বিষয়ে প্রকাশ্যে প্রেসিডেন্ট বাইডেনের বিরোধিতাও করছেন। এই পরিস্থিতিতেই রবিবার ইউক্রেনে মার্কিন সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার করেন বাইডেন।

এদিন প্রেসিডেন্ট বাইডেন বলেন, “ইউক্রেন মার্কিন সহায়তার ওপর ‘বিশ্বাস রাখতে পারে’। তার ভাষায়, আমরা কোনো অবস্থাতেই ইউক্রেনে মার্কিন সহায়তাকে বাধাগ্রস্ত হতে দিতে পারি না।

তিনি আরো বলেন, আমি (ইউক্রেনকে) আশ্বস্ত করছি আমরা তাদের পাশে থাকবো। আমরা সেখানে আমাদের কাজ সম্পন্ন করবো। আমি আমাদের আমেরিকান মিত্রদের আশ্বস্ত করতে চাই... আপনারা আমাদের সহায়তার ওপর ভরসা করতে পারেন, আমরা সরে যাবো না।
 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!