গাজায় ইসরায়েলের তাণ্ডব, একদিনেই ৩২০ ফিলিস্তিনি নিহত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অবৈধ দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় ৩২০ জনের মৃত্যু হয়েছে।
দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গাজায় ইসরায়েলের মুহুর্মুহু বিমান হামলায় অনেক নারী ও শিশুরও প্রাণ গেছে।
এরইমধ্যে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধের এক সপ্তাহ পেরিয়েছে। এ পর্যন্ত মোট ফিলিস্তিনি নিহত হয়েছে ২ হাজার ২১৫ জন, আহত ৮ হাজার ৭১৪ জন। এদিকে মোট ইসরায়েলি নিহতের সংখ্যা ১ হাজার ৩০০ আর আহত হয়েছে ৩ হাজার ৪০০ জন।
.png)
শুরুতে ইসরায়েলিদের নিহতের সংখ্যা বেশি হলেও, এখন ফিলিস্তিনিদের নিহতের সংখ্যা ইসরায়েলিদের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে।
গত সপ্তাহে পশ্চিম তীরে ফিলিস্তিনি মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৫০, আহত হয়েছে ১ হাজারের বেশি মানুষ।
এদিকে শনিবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে ইসরায়েল জানিয়েছে, হামাসের কমান্ডার আলি কাদিকে হত্যা করেছে দেশটি। তবে এ বিষয়ে হামাস এখনো কিছু জানায়নি।
শুক্রবার ইসরায়েলের বিমান হামলায় দক্ষিণ লেবাননে রয়টার্সের সাংবাদিক ইশাম আব্দাল্লাহ নিহতের ঘটনায় দুঃখপ্রকাশ করেছে ইসরায়েল। দেশটির সামরিক মুখপাত্র জানিয়েছে, আমরা এ ঘটনায় খুবই দুঃখিত।
এর আগে এ ঘটনায় ইসরায়েলের সামরিক বাহিনীর সমালোচনা করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডারস। তারা বলেছে, এ ঘটনায় প্রমাণিত হয় যে, গণমাধ্যমকর্মীদেরও টার্গেট করছে ইসরায়েলের সামরিক বাহিনী।
সূত্র: আল-জাজিরা