ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিশ্ব থেকে বিচ্ছিন্ন গাজা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:১৮, ২৮ অক্টোবর ২০২৩
বিশ্ব থেকে বিচ্ছিন্ন গাজা
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিস্তৃত পরিসরে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার রাত থেকে বিমান হামলা বাড়ানোর পাশাপাশি স্থল হামলা জোরদার করেছে ইসরায়েল।

এমন পরিস্থিতিতে ভেঙে পড়েছে গাজার টেলিফোন ও ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা। বর্তমানে ফিলিস্তিনের অবরুদ্ধ এ ভূখণ্ডটি পৃথিবী থেকে পুরোপুরি বিচ্ছিন্ন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আল জাজিরার সাংবাদিকরা জানিয়েছেন, গত কয়েক ঘণ্টায় গাজায় অবিরাম বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সংবাদমাধ্যমটির প্রতিনিধি সাফওয়াত আল-কাহলুত গাজা থেকে বলেন, ইসরায়েলি বোমা হামলা যে হারে বেড়েছে, তাতে মানবিক বিপর্যয়ের পাশাপাশি যোগাযোগ বিপর্যয় দেখা দিয়েছে। মনে হচ্ছে, আজ (শুক্রবার) রাতে বড় কিছু ঘটবে।

Advertisement

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক মারওয়ান জিলানি অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা থেকে আল জাজিরাকে জানিয়েছেন, স্বাস্থ্য কর্তৃপক্ষ প্রায় দুই ঘণ্টা আগে গাজায় তাদের দলের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ হারিয়েছে। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ ও আন্তর্জাতিক দাতব্য সংস্থা অ্যাকশনএইডও জানিয়েছে, তারা গাজায় কর্মরত কর্মীদের সঙ্গে যোগাযোগ হারিয়েছে।

গাজার খান ইউনিস এলাকায় কর্মরত আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজজুম বলেন, গাজার মানবিক পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। এখানকার ২৩ লাখ মানুষ বর্তমানে পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তারা আত্মীয় বা একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।

ফিলিস্তিন টেলিযোগাযোগ কোম্পানি (প্যালটেল) ও ইন্টারনেট মনিটরিং গ্রুপ নেটব্লকস পৃথক বিবৃতিতে গাজায় তাদের নেটওয়ার্ক বিপর্যয়ের কথা জানিয়েছে। স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হামজা ইউসেফ জানিয়েছেন যে, তিনি গাজায় তার পরিবারের সদস্যদের কোনো খোঁজ পাচ্ছেন না।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: ফিলিস্তিন
লিংক সফলভাবে কপি হয়েছে!