ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চেক প্রজাতন্ত্রে বিশ্ববিদ্যালয়ে গুলি, নিহত বেড়ে ১৫

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫৪, ২২ ডিসেম্বর ২০২৩
চেক প্রজাতন্ত্রে বিশ্ববিদ্যালয়ে গুলি, নিহত বেড়ে ১৫
ছবি: সংগৃহীত

মধ্য ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের কেন্দ্রস্থলে একটি বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। এ হামলায় আরো ২৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ ও জরুরি সেবা বিভাগ।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর তিনটার দিকে ইয়ান পালাখ স্কয়ারে চার্লস বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টি ভবনে এই বন্দুক হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। বন্দুকধারী পাল্টা গুলিতে নিহত হয়েছে। চেক প্রজাতন্ত্রের ইতিহাসে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা।

এক সংবাদ সম্মেলনে পুলিশ এবং নগর কর্তৃপক্ষ জানায়, বন্দুকধারী ওই ফ্যাকাল্টিরই একজন ছাত্র ছিল।

Advertisement

২৪ বছর বয়সী ওই ছাত্র এসেছিলেন প্রাগের ২১ কিলোমিটার দূরের একটি গ্রাম থেকে। তার বাবাকে বৃহস্পতিবার সকালের দিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। বন্দুকধারী কেন এমন কাণ্ড ঘটালেন, তার উদ্দেশ্য কী ছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কর্তৃপক্ষ জানায়, ঘটনার পর গোটা পালাখ স্কয়ারসহ বিশ্ববিদ্যালয়ের আশেপাশের কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।

গণমাধ্যমে ঘটনাস্থলে থাকা এক প্রত্যক্ষদর্শী বলেছেন, তিনি হঠাৎ করেই গুলির শব্দ শুনতে পেয়েছেন। আরেকজন জানান, তিনি চারটি গুলির শব্দ শুনেছেন। সবাই ছুটোছুটি করে নিজেকে আড়াল করার চেষ্টা করছিল।

এই হামলার বিষয়ে একটি ইমেইলে সতর্কবার্তা পাঠানো হয়েছিল। চার্লস বিশ্ববিদ্যালয়ের ফিলোসোফি ফ্যাকাল্টির এক স্টাফের কাছে পাঠানো এমন একটি ইমেইল দেখেছে বার্তা সংস্থা রয়টার্স।

তাতে লেখা ছিল, ‘যেখানে আছেন সেখানেই থাকুন। কোথাও যাবেন না। যদি অফিসে থাকেন তাহলে সেটি বন্ধ রাখুন,তালা দিন। আসবাবপত্র দরজার সামনে রাখুন, বাতি নিভিয়ে দিন।’

চার্লস বিশ্ববিদ্যালয়টি প্রাগের ওল্ড টাউনে অবস্থিত। আকর্ষণীয় পর্যটনস্থল ঐতিহাসিক চার্লস ব্রিজ থেকে ৫০০ মিটারের মধ্যে এর অবস্থান।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!