ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

মিয়ানমারের গ্রামীণ অঞ্চলে বিমান হামলা, শিশুসহ নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:৩০, ৭ জানুয়ারি ২০২৪
মিয়ানমারের গ্রামীণ অঞ্চলে বিমান হামলা, শিশুসহ নিহত ১৫
ছবি- সংগৃহীত

মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলের তামু জেলার খাম্পাত টাউনশিপের একটি গ্রামে বিমান হামলা হয়েছে। এ ঘটনায় শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছে।

রোববার স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির উত্তর ও পূর্বাঞ্চলে জান্তাবিরোধীদের সঙ্গে লড়াই করে দেশটি ক্রমবর্ধমান ভয়ানক লড়াইয়ে জড়িয়ে পড়েছে। এদিন স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে টাউনশিপের একটি গ্রামে বিমান হামলা হয়।

স্থানীয় গণমাধ্যমগুলো শিশুসহ ১৫ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে বলে জানিয়েছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুরুষ এবং একজন নারী প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেন, হতাহতের সংখ্যা আরো বেশি। ঐ ব্যক্তি হামলার সময় জান্তার যুদ্ধবিমান দেখার কথা জানিয়ে বলেন, ‘আটটি শিশুসহ ১৯ জন নিহত হয়েছে।’

অধিকাংশই গির্জার এলাকার বাইরে নিহত হয়েছে। কারণ তারা পালানোর জন্য দৌড়াচ্ছিল। হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
যুদ্ধবিমান থেকে মোট ছয়টি বোমা ফেলা হয়েছে জানিয়ে ওই প্রত্যক্ষদর্শী বলেছে, ‘তারা দুটি গির্জাকে লক্ষ্যবস্তু করেছিল। কিন্তু দুটি গির্জার বাইরে বোমা আঘাত হানে এবং কয়েকটি বাড়িতে আঘাত করে।’ 

এদিকে রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, হামলার প্রতিবেদনগুলো ‘ভুয়া খবর’। এমআরটিভি বলেছে, সেই সময় ঐ এলাকায় কোনো বিমান ছিল না।

এএফপি বলেছে, গ্রামটি পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) গ্রুপের নিয়ন্ত্রণে রয়েছে, যা জান্তার বিরুদ্ধে লড়াই করার জন্য উঠে আসা অনেকের মধ্যে একটি। সামরিক বাহিনী দলগুলোকে ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করেছে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!