গাজায় ইসরায়েলি মেজরসহ আরো ৩ সেনা নিহত
ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েল বাহিনীর স্থল অভিযানে অংশ নেয়া আরো ৩ সেনা সদস্য নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) গাজায় লড়াই করার সময় তাদের মৃত্যু হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অফ ইসরায়েল। ফলে সেনাদের মৃত্যুর সংখ্যা বেড়ে ২২৩ এ দাঁড়িয়েছে।
ইসরায়েলের সেনাবাহিনী (আইডিএফ) এ তথ্য নিশ্চিত করেছে। অভিযানে আরো পাঁচজন আহত হয়েছে বলেও জানানো হয়। তাদের অবস্থাও গুরুতর। নিহত ওই তিন সেনার মধ্যে একজন উত্তর গাজায় ও বাকি দু’জন দক্ষিণ গাজায় নিহত হয়েছেন।
.png)
নিহত সেনারা হলেন, মেজর নেটজার সিমচি (৩০), তিনি মাসাদের উত্তর ইসরায়েলি সম্প্রদায়ের ১৪ তম আর্মার্ড ব্রিগেডের ৮৭ তম ব্যাটালিয়নে কাজ করতেন। এছাড়া ৬৪৬ তম ব্রিগেডের ৬৬৪৬ তম ব্যাটালিয়নের ক্যাপ্টেন গ্যাভ্রিয়েল শানি (২৮) ও ওয়ারেন্ট অফিসার ইউভাল নির (৪৩), এলির পশ্চিম তীরে নিহত হয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে জাতিসংঘ জানিয়েছে, গাজায় স্থল অভিযানে সব মিলিয়ে ২১৮ সেনা নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরো এক হাজার ২৮৩ সেনা। যদিও জাতিসংঘের ওই সেনার পরিসংখ্যানে সবশেষ নিহত তিন সেনা এবং আহত চার সেনা সংযুক্ত আছেন কি না তা জানা যায়নি।