ঢাকা,  শনিবার   ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

‘ভূতে’ ধরায় পরীক্ষা দিতে পারলেন না ছাত্রী!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:২৮, ২১ ফেব্রুয়ারি ২০২৪
‘ভূতে’ ধরায় পরীক্ষা দিতে পারলেন না ছাত্রী!
ছবি: প্রতীকী

স্কুলের গেটের সামনে আসতেই অস্বাভাবিক আচরণ শুরু করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এক ছাত্রী। পরে অসুস্থ ভেবে তাকে হাসপাতালে নেয়ার প্রক্রিয়া শুরু করেন শিক্ষকেরা। সেই অনুযায়ী এম্বুলেন্সও ডাকা হয়। তবে পরীক্ষার্থীর সঙ্গে থাকা তার মা ও শাশুড়ি দাবি করেন তাকে ‘ভূতে’ ধরেছে। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ জেলার আলিপুরদুয়ার শহরে।

দেশটির গণমাধ্যম বলছে, স্কুল কর্তৃপক্ষ ওই পরীক্ষার্থীকে হাসপাতালে পাঠালেও শেষ পর্যন্ত তার পরিবারের লোকজন হাসপাতাল থেকে ছুটি নিয়ে গেছেন কবিরাজের কাছে!

রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আলিপুরদুয়ার জেলার অ্যাডভাইসরি বোর্ডের যুগ্ম আহ্বায়ক ভাস্কর মজুমদার বলেন, ছাত্রীটিকে পরীক্ষায় বসানোর অনেক চেষ্টা করা হয়েছিল। কিন্তু সবার চেষ্টাতেও শেষ পর্যন্ত তা করা গেল না। এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা।

জানা গেছে এ দিন রাজ্যের উচ্চ মাধ্যমিকের অর্থনীতির পরীক্ষা ছিল। ওই ছাত্রী পরীক্ষা দিতে আসছেন না দেখে, আলিপুরদুয়ার জংশন শ্যামাপ্রসাদ বিদ্যামন্দির কর্তৃপক্ষ তার স্কুলের সঙ্গে যোগাযোগ করেন।

বিদ্যামন্দিরের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খোকারাম রায় গণমাধ্যমকে বলেন, অনেক চেষ্টা করে ওই শিক্ষার্থীকে জেলা হাসপাতালে নেয়া হয়। আমি নিজেও ওর জন্য প্রশ্নপত্র নিয়ে হাসপাতালে গিয়েছিলাম। কিন্তু শত চেষ্টাতেও ওকে পরীক্ষা দেয়াতে পারিনি।

পরীক্ষার্থীর স্বামী দাবি করেছেন, কিছুদিন আগে আমার বোনকে ভূতে ধরেছিল। এখন সেই ভূতটা আমার স্ত্রীর মধ্যে গিয়েছে। সে জন্যই হাসপাতাল থেকে ছুটি নিয়ে ওকে কবিরাজের কাছে নিয়ে যাই। তার ঝাড়াঝাড়ির পরে, আমার স্ত্রী ভালই আছে। বর্তমানে সে বাড়িতেই রয়েছে।

এদিকে আলিপুরদুয়ার জেলার মুখ্য স্বাস্থ্য কর্মকর্তা সুমিত গঙ্গোপাধ্যায় বলেন, বিষয়টি নিয়ে বিস্তারিত খোঁজ নেয়া হচ্ছে। সাধারণ মানুষকে আরো সচেতন করার চেষ্টা চলছে।

সূত্র: আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!