চকলেট না পেলে ‘অদ্ভুত আচরণ’ করতো শিশুরা, বেরিয়ে এলো নেপথ্যের রহস্য!
একটি বিশেষ চকলেট খাওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছিল ভারতের কর্নাটকের মেঙ্গালুরুর শিশু-কিশোরদের মধ্যে। চকলেট কেনার টাকা না দেওয়া হলে বাচ্চাদের আচরণেও অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছিলেন অভিবাবকরা। এমন অভিযোগে তদন্তে নামে দেশটির পুলিশ।
পুলিশ তদন্তে বেরিয়ে আসে ভয়াবহ চিত্র। রঙিন মোড়কে যে চকলেট বিক্রি হচ্ছিল তা আসলে গাঁজা। চকলেটের মধ্যে গাঁজার নির্যাস মিশিয়ে বিক্রি করছিলেন দোকানদার। আর তা খেয়েই আসক্ত হয়ে পড়েছে এলাকার শিশুরা।
বৃহস্পতিবার তল্লাশি অভিযান চালিয়ে মেঙ্গালুরু পুলিশ দু’টি দোকান থেকে মোট ১২০ কেজি মাদক মেশানো চকলেট বাজেয়াপ্ত করেছে। একটি দোকান থেকে ৮৫ কেজি এবং অন্য দোকান থেকে ৩৫ কেজি মাদক-চকলেট উদ্ধার হয়েছে। দুই দোকানের মালিককেই গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মাদক মেশানো এক একটি চকলেট ২০ টাকায় বিক্রি করা হচ্ছিল। আর তা কিনতে দোকানে ভিড় করছিলেন সব বয়সী মানুষ।
মেঙ্গালুরুর পুলিশ কমিশনার কুলদীপ জৈন বলেছেন, ‘ফরেন্সিক রিপোর্টে দেখা গিয়েছে চকলেটের মধ্যে গাঁজার নির্যাস মিশিয়ে বিক্রি করা হচ্ছিল। চকোলেটগুলি উত্তর ভারত থেকে বিশেষ করে উত্তরপ্রদেশ থেকে আনা হচ্ছিল। দোকানের মালিকদের গ্রেফতার করা হয়েছে। এর নেপথ্যে কোনও মাদকচক্র কাজ করছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।’
সূত্র: এনডিটিভি