ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:২৬, ৪ মে ২০২৪
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ২৫
ফাইল ছবি

উত্তর-পশ্চিম নাইজেরিয়ার কাতসিনা রাজ্যের চারটি গ্রামে বন্দুকধারীদের হামলায় ২৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছে। এছাড়া বেশ কয়েকজনকে অপরাধীরা অপহরণ করে নিয়ে গেছে।

ওই রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা কমিশনার নাসিরু বাবাঙ্গিদা বলেছেন, বৃহস্পতিবার গভীর রাতে সাবুওয়া জেলার উংগুয়ার সারকি, গঙ্গারা, টাফি এবং কোরে গ্রামে দস্যুরা হামলা চালিয়েছে। তারা গ্রামের লোকজনের ওপর গুলি চালিয়েছে।

অপরাধী গোষ্ঠীগুলো তাদের গোপন আস্তানায় সামরিক অভিযানের প্রতিশোধ নিতে ওই হামলা চালিয়েছে বলে স্থানীয় এক নিরাপত্তা কর্মকর্তা নিশ্চিত করেছেন।

Advertisement

নাসিরু বাবাঙ্গিদা বলেন, চার গ্রামে হামলায় ২৫ জন নিহত হয়েছে। এদের মধ্যে ১৯ জনই উংগুয়ার সারকি গ্রামের বাসিন্দা। তিনি বলেন, বন্দুকধারীদের হামলায় আরো বেশ কয়েকজন আহত হয়েছে।

জানা গেছে, হামলাকারীদের প্রতিহত করার চেষ্টা করার সময়ই বেশিরভাগ লোকজন প্রাণ হারিয়েছেন। উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় অনেক গ্রামেই লোকজন নিজেদের প্রতিরক্ষার জন্য ছোট ছোট বাহিনী গঠন করেছে যেন দস্যুদের বিরুদ্ধে লড়াই করা যায়।

নাসিরু বাবাঙ্গিদা জানান, দস্যুরা তাদের বিভিন্ন ক্যাম্পে চলমান সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় পার্শ্ববর্তী কাদুনা রাজ্যের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়েছে। এসব সামরিক অভিযানে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!