ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পাকিস্তানে জঙ্গি হামলায় নিরাপত্তা বাহিনীর ৭ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৬, ১২ মে ২০২৪
পাকিস্তানে জঙ্গি হামলায় নিরাপত্তা বাহিনীর ৭ সদস্য নিহত
ফাইল ফটো

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় পৃথক দুই জঙ্গি হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত সাত সদস্য নিহত হয়েছে।  আহত হয়েছে আরো দু’জন।

শনিবার (১১ মে) জেলাটির দত্ত খেল তহশিলের হাসান খেল এলাকা এবং মির আলি শহরের সীমান এলাকায় হামলার ঘটনা দু’টি ঘটে।

সংবাদমাধ্যম ডন নিউজ জানিয়েছে, প্রথম হামলার ঘটনাটি ঘটেছে হাসান খেলে। এখানে নিরাপত্তা বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটকে লক্ষ্য করে একটি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের পর জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে।

Advertisement

এর ফলে ঘটনাস্থলেই নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য নিহত ও আরো দু’জন গুরুতর আহত হন।

অপর ঘটনায় জঙ্গিরা সীমান এলাকার একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালায়। তাদের হামলায় এখানে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত হন।

নিহত নিরাপত্তা সদস্যদের মৃতদেহ ও আহতদের হেলিকপ্টার যোগে বান্নুর সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হামলার পর দু’টি স্থানই নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘিরে ফেলে ও এলাকাজুড়ে তল্লাশি অভিযান শুরু করে।

এর আগে ৮ মে উত্তর ওয়াজিরিস্তানের শিউয়া তেহশিলে জঙ্গিরা একটি বেসরকারি বালিকা বিদ্যালয়ের দুটি শ্রেণিকক্ষ বোমা বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে দেয়। পুলিশ জানিয়েছে, জঙ্গিরা প্রথমে স্কুলটির নৈশপ্রহরীকে নির্যাতন করে, পরে বোমা বিস্ফোরণ ঘটিয়ে স্কুলের ক্ষতিসাধন করে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!