শুক্রবার (২৮ জুন) গাজার শুজাইয়া এলাকায় ইসরায়েলের স্থল অভিযানের পর এ ঘটনা ঘটে।
এক বিবৃতিতে, ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেড জানায় যে, তারা শুজাইয়ার একটি আবাসিক ভবন বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে, এতে চার ইসরায়েলি সেনা নিহত এবং পাঁচজন আহত হয়েছে।
.png)
ফিলিস্তিনি যোদ্ধারা জানান, তারা ইম্প্রুভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) এবং অবিস্ফোরিত এফ-১৬ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালিয়েছে। এফ-১৬ ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের একটি যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা হয়েছিল। সেটি বিস্ফোরিত না হওয়ায় যোদ্ধারা তা উদ্ধার করে।
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সশস্ত্র শাখা কাসসাম ব্রিগেডও জানিয়েছে, তারা অ্যান্টি-ট্যাংক রকেট এবং ছোট অস্ত্র দিয়ে ইসরায়েলি বাহিনীর মধ্যে হতাহত সৃষ্টি করেছে।
গত বৃহস্পতিবার ওই এলাকায় ইসরায়েল নতুন করে হামলা চালায়। উত্তর গাজার ওই এলাকাটি থেকে জানুয়ারি মাসে ইসরায়েলি বাহিনী সরে গিয়েছিল। তখন তারা বলেছিল যে সেখান থেকে হামাসকে তারা পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে।
নিজেদের সৈন্যের মৃত্যুর বিষয়টি এখনও স্বীকার করেনি ইসরায়েল। তবে দেশটি জানিয়েছে, পুরো গাজায় গত ২৪ ঘণ্টায় তাদের একজন সেনা নিহত এবং ৯ জন আহত হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার গাজার শুজাইয়া এলাকায় নতুন করে আবারও স্থল অভিযান চালিয়েছে ইসরায়েল। এতে গাজা শহরের পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের ৬০ হাজার থেকে ৮০ হাজার বাসিন্দা এলাকা ছেড়ে পালিয়েছে।
সূত্র: আল-জাজিরা