গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৭৬ জন নিহত এবং আরো ১৫৮ জন আহত হয়েছেন। এতে হামলায় আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৩ হাজার ৮৯৮ জন। এখনো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
এদিকে গাজায় প্রবেশের পর ১০৯টি ট্রাকের একটি ত্রাণবহর লুট করা হয়েছে। শনিবার ওই ঘটনায় ৯৮টি ট্রাক খোয়া গেছে। সোমবার ফিলিস্তিনে কর্মরত জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ এই তথ্য দিয়েছে।
.png)
ইউএনআরডব্লিউএর সিনিয়র ইমারজেন্সি অফিসার লুইস ওয়াটারিজ সংবাদমাধ্যম রয়টার্সকে বলেছেন, বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সঙ্গে খাদ্যের ওই বহর নিয়ে আসছিল তাদের সংস্থা। খাদ্যবাহী এই বহরকে অল্প সময়ের নোটিশে কেরেম শালোম সীমান্ত পেরিয়ে একটি অপরিচিত পথ ধরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল। তার পরই ওই লুটপাটের ঘটনা ঘটে।
গাজা যুদ্ধে ইসরায়েলের ভূমিকার সমালোচনা করলেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ কূটনীতিবিদ জোসেপ বোরেল। সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইইউ সদস্যদের সঙ্গে ইসরায়েলের রাজনৈতিক সংলাপ স্থগিতের প্রস্তাব দেওয়ার কথা বলেছেন তিনি।
ইসরায়েল ও ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনার জন্য মঙ্গলবার বৈরুতে যাচ্ছেন এক মার্কিন কর্মকর্তা। এবারের আলোচনায় বৈরুত তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে পারে বলে ধারণা করা হচ্ছে।