ঢাকা,  বৃহস্পতিবার   ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ সাক্ষাৎকার ]

ক্রিকেটার সাকিব কেন হকিতে! 

এস আই রাসেল
প্রকাশিত: ২০:০৪, ৮ সেপ্টেম্বর ২০২২
ক্রিকেটার সাকিব কেন হকিতে! 
ছবি: ডেইলি বাংলাদেশ

সাকিব আল হাসান। বাংলাদেশের এক নম্বর তারকা ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয়  বিশ্ব ক্রিকেটের এক নম্বর অলরাউন্ডারও তিনি। ক্রমেই বিশ্ব দরবারে নিজেকে জাহির করেছেন। দেশের পতাকাও বিশ্ব দরবারে বার বার তুলে ধরেছেন।  সবাইকে দেখিয়ে দিয়েছেন লাল-সবুজের পতাকা হাতে বিশ্ব মঞ্চ কাঁপাচ্ছেন এক বাংলাদেশি।  

দেশসেরা ক্রিকেটার হলেও দেশের অন্যান্য খেলার প্রতিও তার অনেক দূর্বলতা। ফুটবলার হতে চাওয়া সাকিব এখন সেরা ক্রিকেটার। তারপরও ফুটবল, হকি ও অন্যান্য খেলার প্রতিও নজর রেখেছেন তিনি।  

Advertisement

সম্প্রতি তার বহিঃপ্রকাশ দেখা গেল, প্রথমবারের মত আয়োজিত ফ্রাঞ্চাইজি হকি লিগের মাধ্যমে।  হকির জনপ্রিয়তা ফিরিয়ে আনতে ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনেছেন সাকিবের ই-কমার্স কোম্পানি মোনাক মার্ট। 

হকিতে তার আগ্রহ এবং হকি লিগে তার সম্পৃক্ততা নিয়ে সাকিবের সঙ্গে কথা বলেন ডেইলি বাংলাদেশের স্পোর্টস রিপোর্টার এস আই রাসেল। সাকিবের হকি ভাবনা ও হকির সঙ্গে জড়িত অন্যান্য অনেক অজানা কাহিনী তুলে ধরা হলো পাঠকদের জন্য ।

ডেইলি বাংলাদেশ: হকির সঙ্গে ক্রিকেটার সাকিব। বিষয় টি কেমন হয়ে গেলো না?
সাকিব আল হাসান: আসলে ক্রিকেট-ফুটবলের পর হকিই ছিল সব থেকে জনপ্রিয় খেলা। আর হকির প্রতি একটা দুর্বলতা আগে থেকেই ছিল আমার। সেটা থেকেই হকির সঙ্গে জড়িত হওয়ার অনুপ্রেরণা।

ডেইলি বাংলাদেশ: হকির প্রতি দুর্বলতাটা কিভাবে আসলো?
সাকিব আল হাসান: আমি বিকেএসপিতে পড়তাম। সেখানে আমার রুম ম্যাট ছিলেন হকি খেলোয়াড় ইমরান হাসান (পিন্টু)। তখন বিকেএসপিতে অনেক আন্তর্জাতিক টুর্নামেন্ট হতো। আমরা সবাই দল বেঁধে রাসেল মাহমুদ (জিমি), মামুনুর রহমানদের (চয়ন) ভাইদের খেলা দেখতে যেতাম। 
সমর্থন দিতাম বিকেএসপি দলকে। ওরা জিতে এলে আমরা হোস্টেলে অনেক মজা করতাম। এগুলো আসলে মজার স্মৃতি। সেভাবেই হকির প্রতি আলাদা একটা টান ছিল।

ডেইলি বাংলাদেশ: হকি নিয়ে মজার কিছু যদি বলতেন?
সাকিব আল হাসান: আমার রুমমেট যেহেতু হকি খেলোয়াড় ছিল। সেহেতু আমার লকারে সব সময় হকির স্টিক থাকতো।  হকি খেলি না খেলি আমাদের সবারই লকারে থাকত হকি স্টিক। আর আমি হয়ে গেলাম ক্রিকেটার। 

ডেইলি বাংলাদেশ: আপনার পছন্দের খেলা কি?
সাকিব আল হাসান: আমি ক্রিকেটার হলেও আমার পছন্দের খেলা ফুটবল। ছোট বেলায় আমি ফুটবল কোলে নিয়েই ঘুমাতে যেতাম। বাবাও চেয়েছিলেন আমি ফুটবলার হই।

ডেইলি বাংলাদেশ: ফুটবলে আপনি কোন দেশের সাপোর্টার?
সাকিব আল হাসান: আমি আর্জেন্টিনার সাপোর্টার।

ডেইলি বাংলাদেশ: আপনার পছন্দের খেলোয়াড় কে?
সাকিব আল হাসান: বেসিক্যালি আমি লিওনেল মেসির ফ্যান। মেসি আর্জেন্টিনার হয়ে খেলে বলেই আর্জেন্টিনা সাপোর্ট করি। মেসি অন্য দেশের হয়ে খেললেও হয়তো তাদেরই সাপোর্ট করতাম। 

ডেইলি বাংলাদেশ: মেসির মতো খেলোয়াড় থাকতেও আর্জেন্টিনা কেন শিরোপা জিততে পারে না? 
সাকিব আল হাসান: এতে মেসি থেকে আর্জেন্টিনার দায় বেশি। আর্জেন্টিনার বাকি দলেরই সেই শক্তি নেই যে তারা মেসিকে নিয়ে বিশ্বকাপ জিতবে। এটা মেসির ব্যর্থতা নয়, আর্জেন্টিনা দলের ব্যর্থতা।

ডেইলি বাংলাদেশ: কোন স্বার্থে আসলে হকির সঙ্গে সাকিব?
সাকিব আল হাসান: বাংলাদেশের হকির উন্নতির স্বার্থেই এই টুর্নামেন্টে যুক্ত হয়েছি। আমাদের হকিতে অনেক সম্ভাবনা আছে। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে আমরা ২৭তম স্থানে আছি। ১৬টি দেশ বিশ্বকাপ খেলে। কাজেই বিশ্বকাপে খেলা তো বেশি দূরের ব্যাপার না। 

আমার বিশ্বাস যদি হকিটা সঠিকভাবে প্রচার-প্রচারণা পায় এবং ভালোভাবে সবাই উদ্যোগ নেয়, তাহলে আমরা বিশ্বকাপে খেলতেই পারি।

ডেইলি বাংলাদেশ: ক্রিকেটের বাইরে অন্যান্য খেলায় নজর দেয়ার কারণ কি? 
সাকিব আল হাসান: আমি যেহেতু একজন খেলোয়াড়। তাই খেলার সঙ্গে থাকাটাই আমাদের একটা বড় ব্যাপার। আর বাংলাদেশে প্রতিটি ক্ষেত্রে বিশেষ করে খেলাধুলায় অনেক কিছু করার সম্ভাবনা আছে। সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করছে। আমরাও আমাদের জায়গা থেকে চেষ্টা করা শুরু করলাম।

ডেইলি বাংলাদেশ: অন্য আর কোন কোন খেলা নিয়ে পরিকল্পনা আছে আপনাদের?
সাকিব আল হাসান: আমি আমাদের জায়গা থেকে সেই চেষ্টাটা শুরু করেছি। মোনার্ক গ্রুপ এরই মধ্যে গলফার সিদ্দিকুর রহমানের সঙ্গে কাজ করা শুরু করেছে। এখন হকিতে এসেছি। ক্রিকেটের সঙ্গেও আসার চেষ্টা করছি। অ্যাথলেটিকসের দিকে এগোতে পারি। প্রতিটি জায়গাতে আমাদের অবদান রাখার ইচ্ছা আছে।

ডেইলি বাংলাদেশ: এই ফ্রাঞ্চাইজি লিগ হকির কতটা উন্নতি করবে বলে মনে করেন?
সাকিব আল হাসান:  আমি মনে করি এই টুর্নামেন্ট হলে হকি অন্তত ৩-৪ জন নতুন খেলোয়াড় পাবে। জাতীয় দলে অনেকে খেলছে। যখন এই দল অনেক বড় হয়ে যাবে তখন প্রতিযোগিতাও বেড়ে যাবে। 

আমার মনে হয়, এটা থেকে শুধু হকিই উপকৃত হবে এবং খুব অল্প সময়ের মধ্যে আমরা আরো ভালো অবস্থানে চলে যাব।

ডেইলি বাংলাদেশ: মুশফিকুর রহিমের অবসর নিয়ে যদি কিছু বলতেন?
সাকিব আল হাসান: না। এখন হকির সঙ্গে জড়িত হলাম তাই হকি নিয়েই বলি। ক্রিকেট নিয়ে তো সব সময় বলি। আবার না হয় অন্য সময় বলবো।

সাকিবকে শেষ প্রশ্ন হিসেবে জানতে চাওয়া হয়। আপনারা নাকি হকি খেলোয়াড়দের হকার বলতেন। 

মুচকি হেসে প্রশ্নটি এড়িয়ে যান মোনাক মার্টের চেয়ারম্যান। 

আসলে এটা বিকেএসপির অভ্যন্তরিণ বিষয়। যারা ক্রিকেট খেলেন তাদেরকে যেমন ক্রিকেটার বলা হয়। তেমনি মজা করে হকি খেলোয়াড়দের ও হকার বলা হয়ে থাকে।
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!