ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আইন-আদালত ]

সাহেদের সহযোগী শিবলী ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৬, ১০ জুলাই ২০২০
সাহেদের সহযোগী শিবলী ৫ দিনের রিমান্ডে
ফাইল ফটো

করোনা পরীক্ষা না করে সার্টিফিকেট দেয়াসহ বিভিন্ন অভিযোগে রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে দায়ের করা মামলায় চেয়ারম্যান সাহেদের অন্যতম সহযোগী তরিকুল ইসলাম ওরফে তারেক শিবলীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

শুক্রবার শিবলীকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পুলিশ পরিদর্শক আলমগীর গাজী।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালত ৫ দিনের রিমান্ডের আদেশ দেন। তবে তারেক শিবলীর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

গতকাল বৃহস্পতিবার ভোরে শিবলীকে রাজধানীর নাখালপাড়া থেকে গ্রেফতার করে র‌্যাব।

এখন পর্যন্ত এ মামলায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে সাতজনের ৫ দিন করে রিমান্ড এবং একজন কিশোর হওয়ায় তাকে সংশোধনাগার কেন্দ্রে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (০৭ জুলাই) রাতে উত্তরা পশ্চিম থানায় মামলাটি দায়ের করে র‌্যাব। মামলায় হাসপাতালের মালিক সাহেদসহ ১৭ জনকে আসামি করা হয়েছে। দণ্ডবিধি ৪০৬/৪১৭/৪৬৫/৪৬৮/৪৭১/২৬৯ ধারায় ১৭ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

তার আগে সোমবার (০৬ জুলাই) রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

অভিযানে ভুয়া করোনা টেস্টের রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়ম উঠে আসে। পরে সেখান থেকে আটজনকে আটক করে র‌্যাব হেফাজতে নেয়া হয়।

৭ জুলাই রিজেন্ট হাসপাতালের দুটি শাখাই সিলগালা করেন সারওয়ার আলম। সন্ধ্যায় ওই হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদফতর।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে/এস
লিংক সফলভাবে কপি হয়েছে!