ইভ্যালির সিইও-চেয়ারম্যানের বিরুদ্ধে চেক প্রতারণার মামলা
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনসহ বিরুদ্ধে চেক প্রতারণার অভিযোগে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম বেগম আফনান সুমির আদালতে তোফাজ্জল হোসেন নামে এক ব্যক্তি বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
এদিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। এরপর শুনানি শেষে আগামী ১০ জানুয়ারি তাদের হাজির হতে সমন জারি করেন আদালত।
.png)
মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামিদের প্রতিষ্ঠান ইভ্যালি ডটকম লিমিটেডের পক্ষ থেকে বিশেষ ছাড়ে মোটর সাইকেল বিক্রির অফার অনলাইনের (ইভ্যালি ডটকম) মাধ্যমে দেখতে পেয়ে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি এক লাখ ৪৯ হাজার ৬৩৫ টাকা পরিশোধ করে একটি মোটরসাইকেল ক্রয়ের অর্ডার করেন বাদী। বাদীকে ঐ মোটরসাইকেলটি অর্ডারের ৪৫ দিনের মধ্যে ডেলিভারি করার কথা ছিল। অন্যথায় মোটরসাইকেলের মূল্য বাবদ ২ লাখ ৫০ হাজার টাকা বাদীকে প্রদান করবেন। আসামিরা নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরও মোটরসাইকেলটি ডেলিভারি করতে না পারায় ২৮ জুন ২ লাখ ৫০ টাকার সিটি ব্যাংকের একটি চেক ইভ্যালী ডটকম লিমিটেডের পক্ষ থেকে সিনিয়র ম্যানেজার ফাইন্যান্স ও ম্যানেজার ফাইন্যান্স স্বাক্ষর করে বাদীর বরাবর ইস্যু করেন। ব্যাংকে টাকা উত্তোলন করতে গেলে চেকটি ডিজঅনার হয়।