পর্যটককে দলবদ্ধ ধর্ষণ ঘটনার প্রধান আসামি আশিক রিমান্ডে
কক্সবাজারে স্বামী-সন্তানকে জিম্মি করে নারী পর্যটককে দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি আশিকুল ইসলাম আশিককে তিন দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
মঙ্গলবার কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবুল মনসুর ছিদ্দিকীর আদালত আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল সোমবার দুপুরে আশিকের সাত দিনের রিমান্ড আবেদন করে ট্যুরিস্ট পুলিশ। পরে আদালত শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
আরো পড়ুন> কোন হোটেলে কতদিন ছিলেন ধর্ষণের শিকার পর্যটক
ভুক্তভোগী ঐ নারীর অভিযোগ, গত ২২ ডিসেম্বর রাতে প্রধান আসামি আশিকের নেতৃত্বে স্বামী-সন্তানকে জিম্মি করে তাকে তুলে নিয়ে তিনজন প্রথমে ঝুপড়ি চায়ের দোকানে ধর্ষণ করেন। এরপর তার স্বামী ও আট মাসের সন্তানকে হত্যার ভয় দেখিয়ে কলাতলীর জিয়া গেস্ট ইনে নিয়ে দ্বিতীয় দফায় ধর্ষণ করা হয়। চায়ের দোকান থেকে তাকে মোটরসাইকেলের পেছনে বসিয়ে হোটেলে নিয়ে যান আশিক।
এ ঘটনায় গৃহবধূর স্বামী গত ২৩ ডিসেম্বর কক্সবাজার সদর মডেল থানায় স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা করেন। মামলায় আশিকসহ সাতজনকে আসামি করা হয়। তাতে চারজনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতপরিচয় আসামি করা হয় আরো তিনজনকে।
মামলার প্রধান আসামি আশিকুল ইসলাম আশিক, এজাহারভুক্ত অন্য দুই আসামি ও সন্দেহভাজন তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সর্বশেষ গত ২৮ ডিসেম্বর গ্রেফতার করা হন মামলার ২ নম্বর আসামি ইসরাফিল হুদা জয়কে। তিনি বাহারছড়া এলাকার মো. শফিউদ্দিন শফির ছেলে।