ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

নিউমার্কেটে সংঘর্ষ: বাপ্পির দায় স্বীকার, সিয়াম-সজিব কারাগারে 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০১, ১০ মে ২০২২
নিউমার্কেটে সংঘর্ষ: বাপ্পির দায় স্বীকার, সিয়াম-সজিব কারাগারে 
ফাইল ফটো

শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের কাজে বাধা অভিযোগে করা মামলায় আসামি মো. মেহেদী হাসান বাপ্পি আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম নুরুল হুদা চৌধুরীর আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এছাড়া নাহিদ হাসান হত্যা মামলায় আসামি মাহমুদুল হাসান সিয়াম এবং পুলিশের কাজে বাধা অভিযোগে করা মামলায় আসামি মো. মোয়াজ্জেম হোসেন সজিবকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, গত ৬ মে তিন আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর নাহিদ হত্যা মামলায় আসামি সিয়ামের সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. তারিকুল আলম জুয়েল। এ সময় আসামিপক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন।

Advertisement

অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। একইসঙ্গে পুলিশের কাজে বাধা অভিযোগে করা মামলায় আসামি বাপ্পি ও সজীবের সাতদিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক হালদার অর্পিত ঠাকুর।

আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত ২২ এপ্রিল শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে বাসা থেকে মকবুল হোসেনকে গ্রেফতার করা হয়। পরদিন ২৩ এপ্রিল এ মামলায় আসামি মকবুলের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বর্তমানে সে কারাগারে আটক রয়েছে।

এছাড়া নাহিদ হাসানের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় রিমান্ড শেষে ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থীর কারাগারে আটক রয়েছে। এর আগে তাদের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

তারা হলেন- হিসাববিজ্ঞান বিভাগের আব্দুল কাইয়ূম, সমাজবিজ্ঞান বিভাগের পলাশ ও ইরফান, বাংলা বিভাগের ফয়সাল, ইসলামের ইতিহাস বিভাগের জুনায়েদ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!