বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসাইন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
.png)
ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসাইন বলেন, শিশু ফাতেমার কল্যাণের জন্য হাইকোর্ট ৫ লাখ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। হাইকোর্টের নির্দেশে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য গঠিত ট্রাস্টি বোর্ড ৫ লাখ টাকা দেন। ময়মনসিংহের ডিসি সেই টাকা শিশু ফাতেমার কল্যাণে ব্যয়ের ব্যবস্থা না করে শিশুর পরিবারের অন্য সদস্যদের নামে অ্যাকাউন্ট খুলে জমা রেখেছেন। বিষয়টি আদালতে উপস্থাপন করেছি। শুনানি শেষে আদালত ময়মনসিংহের ডিসিকে শোকজ করেছেন।
গত ২৯ আগস্ট ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যুর আগে জন্ম নেয়া শিশুটির পরিবারকে ব্যাংকের চেকের মাধ্যমে ৫ লাখ টাকা দেয় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য গঠিত ট্রাস্টি বোর্ড। ময়মনসিংহের জেলা প্রশাসকের মাধ্যমে এই চেক হস্তান্তর করা হয়।
গত ৭ আগস্ট ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যুর আগে জন্ম নেওয়া শিশুটির পরিবারকে এক মাসের মধ্যে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেন হাইকোর্ট। সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য গঠিত ট্রাস্টি বোর্ডকে এই টাকা দিতে বলা হয়।
গত ১৬ জুলাই বিকেলে ত্রিশালের কোর্ট ভবন এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় প্রাণ হারান অন্তঃসত্ত্বা রত্না বেগম (৩২), তার স্বামী জাহাঙ্গীর আলম (৪০) এবং তাদের ৬ বছরের মেয়ে সানজিদা। এ সময় মায়ের গর্ভ ফেটে ভূমিষ্ঠ হয় ফুটফুটে এক নবজাতক। ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে ছুটে যায় পুলিশ ও আশপাশের লোকজন। পরে নবজাতকটিকে উদ্ধার করে নেয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে নেয়ার পর জানা যায়, জীবিত আছে নবজাতকটি।