ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

ফারদিন হত্যা: বুশরার জামিন বিষয়ে আদেশ আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৫, ৮ জানুয়ারি ২০২৩
ফারদিন হত্যা: বুশরার জামিন বিষয়ে আদেশ আজ
ফাইল ফটো

বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশের (২৪) মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার আমাতুল্লাহ বুশরার জামিন শুনানি শেষে আদেশের জন্য আজ রোববার দিন ধার্য রয়েছে। 

বৃহস্পতিবার ৭ম অতিরিক্ত ঢাকা মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখারের আদালতে এ জামিন শুনানি অনুষ্ঠিত হয়। বুশরার পক্ষে শুনানি করেন আইনজীবী মোখলেসুর রহমান বাদল।

এদিন ফারদিনের বাবা নুর উদ্দিন রানা আদালতে উপস্থিত ছিলেন। উভয়পক্ষের শুনানি শেষে বুশরার জামিনের বিষয়ে আদেশের জন্য রোববার (৮ জানুয়ারি) দিন ধার্য করেন আদালত।

Advertisement

মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. মাহবুবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

এর আগে, ফারদিনকে খুন করা হয়েছে দাবি করে ১০ নভেম্বর রামপুরা থানায় দায়ের করা মামলায় ‘হত্যার পর লাশ গুম’ করার অভিযোগ আনেন ফারদিনের বাবা নূর উদ্দিন। সেই মামলায় ফারদিনের বান্ধবী আমাতুল্লাহ বুশরাকে এক নম্বর আসামি করা হয়। একই দিনে তাকে গ্রেফতার করা হয়। পাঁচদিন রিমান্ডের পর এখন তিনি কারাগারে আছেন।

মামলার অভিযোগে ফারদিনের বাবা নূর উদ্দিন বলেন, ফারদিনকে রামপুরা এলাকায় বা অন্য কোথাও হত্যাকারীরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। এ হত্যার পেছনে তার বান্ধবী আমাতুল্লাহ বুশরার ইন্ধন রয়েছে।

এর আগে, ৭ নভেম্বর বিকেলে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। 

এ মামলার তদন্তভার ডিবি পুলিশের ওপর ন্যস্ত করা হয়। সর্বশেষ তদন্ত অগ্রগতি নিয়ে এক ধরনের ‘সমঝোতা’য় পৌঁছে ডিবি পুলিশ ও র‌্যাব জানায়, স্বেচ্ছায় মৃত্যুবরণ বা আত্মহত্যা করেছেন ফারদিন। ডিবি পুলিশ জানায়, ফারদিনের মৃত্যুর ঘটনায় জেলে থাকা বুশরা নির্দোষ।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!