ফেনসিডিল উদ্ধার মামলায় ৩ জনের যাবজ্জীবন
ছয় বছর আগে রাজধানীর রমনা এলাকায় ট্রাক থেকে এক হাজার ৫০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরো ৬ মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালত আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-সাতক্ষীরার দক্ষিণ আলীপুর থানার আমির আলীর ছেলে মো. কাওছার আলী, একই এলাকার রেজাউল করিমের ছেলে মো. কামাল হোসেন এবং চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার একবরপুর গ্রামের জসিম উদ্দিনেরর ছেলে শফিকুল ইসলাম।
.png)
রায় ঘোষণার আগে তিন আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের আবারো কারাগারে নিয়ে যাওয়া হয়।
জানা যায়, ২০১৭ সালের ১ মার্চ রাজধানী রমনা থানাধীন বাংলামোটর এলাকায় একটি ট্রাকে অভিযান চালিয়ে এক হাজার ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন পুলিশ। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই মো.আমিনুল ইসলাম রমনা মডেল থানায় মামলা করেন।
একই বছরের ২৭ মে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই মুহাদ্দিন মোর্শেদ চৌধুরী তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। ঐ বছরের ২৫ অক্টোবর ৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
মামলার বিচার চলাকালে আদালত ১৪ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ করেন।