ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

অর্থনৈতিক অর্জনসহ প্রতিটি ক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে: প্রধান বিচারপতি

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৬, ১৫ জুলাই ২০২৩
অর্থনৈতিক অর্জনসহ প্রতিটি ক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে: প্রধান বিচারপতি
শনিবার দুপুরে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন শেষে বক্তব্য দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। ছবি: ডেইলি বাংলাদেশ

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, আগামী ২০ থেকে ৩০ বছরের মধ্যে বাংলাদেশের অবস্থান হবে সিঙ্গাপুর-মালয়েশিয়ার মতো। ৩০ লাখ শহিদের রক্তের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছে, তার সুফল আমরা পাচ্ছি। অর্থনৈতিক অর্জনসহ প্রতিটি ক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আস্তে আস্তে সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে।

শনিবার দুপুরে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

Advertisement

প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, মামলার জট ছাড়িয়ে জনগণ যাতে সহজে ন্যায়বিচার পায়, সেজন্য বিচারক ও আইনজীবীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যে বিচারপ্রার্থী আদালতের বারান্দায় বিচারের প্রত্যাশায় আসেন তারা অন্য কেউ নন, তারাই এদেশের মালিক। তাদেরকে বিচারিক সেবা দেওয়া আমাদের দায়িত্ব। এটা যেভাবেই হোক বাস্তবায়ন করতে হবে।

তিনি আরো বলেন, বছরের পর বছর যদি আদালতের বারান্দায় ন্যায়বিচার পাওয়ার আশায় কেউ ঘুরতে থাকেন এবং বিচার না পান, হয়তো বা তিনি বলেও ফেলতে পারেন- দেশে বিচার-আচার নেই। আমরা এমনটি হতে দিতে পারি না। এজন্য দেশ স্বাধীন হয়নি।

হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ২০২২ সালে সারাদেশের মধ্যে ময়মনসিংহে সর্বোচ্চ সংখ্যক মামলা নিষ্পত্তি হয়েছে। এ বছর অগ্রগতি আরো বেশি। এজন্য ময়মনসিংহ জেলা দেশের প্রথম ‘প্রধান বিচারপতি পদক’ লাভ করেছে। এজন্য ময়মনসিংহের বিচারক ও আইনজীবীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন ও ধন্যবাদ জানাই।

এ সময় উপস্থিত ছিলেন— আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. জাকির হোসেন, ময়মনসিংহের সিনিয়র জেলা ও দায়রা জজ মমতাজ পারভীন, জেলা জজ আনিসুর রহমান, জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!