ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]
মানি লন্ডারিং মামলা

জি কে শামীমসহ ৮ জনের বিরুদ্ধে রায় আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩২, ১৭ জুলাই ২০২৩
জি কে শামীমসহ ৮ জনের বিরুদ্ধে রায় আজ
ফাইল ফটো

মানি লন্ডারিং আইনে ক্যাসিনোকাণ্ডে আলোচিত ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমসহ ৮ জনের বিরুদ্ধে করা মামলার রায় আজ। ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম রায় ঘোষণা করবেন।

এ মামলার অন্য আসামিরা হলেন- দেলোয়ার হোসেন, মোরাদ হোসেন, জাহিদুল ইসলাম, শহীদুল ইসলাম, কামাল হোসেন, সামসাদ হোসেন ও আনিছুল ইসলাম।

গত ২৫ জুন এ মামলার রায় ঘোষণার জন্য থাকলেও সেদিন আসামি পক্ষে অধিকতর যুক্তি উপস্থাপনের জন্য আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত রায় স্থগিত রেখে অধিকতর যুক্তি উপস্থাপন ও রায় ঘোষণার জন্য আজ দিন ধার্য করেন।

Advertisement

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান এসব তথ্য জানান।

উল্লেখ্য, ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর সাত সশস্ত্র দেহরক্ষীসহ জি কে শামীমকে তার কার্যালয় থেকে আটক করে র‍্যাব। সেখান থেকে এক কোটি ৮০ লাখ টাকা, ৯ হাজার ইউএস ডলার, ৭৫২ সিঙ্গাপুরের ডলার, ১৬৫ কোটি টাকার এফডিআর, অস্ত্র, বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরদিন ২১ সেপ্টেম্বর গুলশান থানায় মামলাটি দায়ের করে র‌্যাব।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সাঈদ তদন্ত শেষে ২০২০ সালের ৪ আগস্ট আদালতে জি কে শামীম ও তার সাত দেহরক্ষীর বিরুদ্ধে মানি লন্ডারিং আইনের মামলায় অভিযোগপত্র  দাখিল করেন। একই বছরের ১০ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, শামীম তার দেহরক্ষীদের সহযোগিতায় দীর্ঘদিন ধরে নিজ নামে লাইসেন্স করা অস্ত্র প্রকাশ্যে বহন, প্রদর্শন ও ব্যবহার করে লোকজনের মধ্যে ভীতি সৃষ্টি করে আসছিলেন। বিভিন্ন ধরনের টেন্ডারবাজি, মাদক ও জুয়ার ব্যবসাসহ স্থানীয় টার্মিনাল, গরুর হাট-বাজারে চাঁদাবাজি করে নামে-বেনামে বিপুল পরিমাণ অবৈধ অর্থের মালিক হয়েছেন।

একই সঙ্গে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!