বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে এ যুক্তি উপস্থাপন করা হয়। আদালত পরবর্তী যুক্তি উপস্থাপনের জন্য আগামী ২৩ আগস্ট দিন ধার্য করেছেন।
এদিন আসামি অবন্তিকা বড়াল ও শংখ বেপারীর পক্ষে যুক্তি উপস্থাপন করা হয়। আইন অনুযায়ী আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণা করা হবে।
.png)
এর আগে, গত ২ আগস্ট আসামিদের সর্বোচ্চ শাস্তি ২২ বছরের কারাদণ্ড প্রত্যাশা করে যুক্তি উপস্থাপন শেষ করে দুদক। পাবলিক প্রসিকিউটর মীর আহম্মেদ আলী সালাম তাদের সর্বোচ্চ শাস্তি ২২ বছরের কারাদণ্ডের প্রত্যাশা করেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহম্মেদ সালাম বলেন, পি কে হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে ১০৬ জন সাক্ষীর মধ্যে ৯৯ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে দুদক আইনের ২৭(১) ধারা ও মানিলন্ডারিং আইনে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে। আমরা তাদের ২৭(১) ধারায় ১০ বছর ও মানিলন্ডারিং আইনে ১২ বছরের কারাদণ্ড প্রত্যাশা করছি।
এর আগে, গত ২৬ জুলাই আসামিদের আত্মপক্ষ সমর্থন শুনানি অনুষ্ঠিত হয়। এদিন কারাগারে থাকা চার আসামি নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রত্যাশা করেন। পি কে হালদারসহ ১০ আসামি পলাতক থাকায় তারা আত্মপক্ষের সমর্থনের সুযোগ পাননি।
আজ কারাগারে থাকা চার আসামি অবন্তিকা বড়াল, শংখ বেপারী, সুকুমার মৃধা ও অনিন্দিতা মৃধাকে আদালতে হাজির করা হয়। এছাড়া গ্লোবাল ইসলামী (সাবেক এনআরবি গ্লোবাল) ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারসহ ১০ আসামি পলাতক রয়েছেন।
বাকি পলাতক আসামিরা হলেন- পি কে হালদারের মা লীলাবতী হালদার, পূর্ণিমা রানী হালদার, উত্তম কুমার মিস্ত্রি, অমিতাভ অধিকারী, প্রিতিশ কুমার হালদার, রাজীব সোম, সুব্রত দাস, অনঙ্গ মোহন রায় ও স্বপন কুমার মিস্ত্রি।
২০২০ সালের ৮ জানুয়ারি পি কে হালদারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে মামলা করেন দুদকের উপ-পরিচালক মামুনুর রশীদ চৌধুরী। মামলার এজাহারে বলা হয়, পি কে হালদার বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কার্যক্রমের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২৭৪ কোটি ৯১ লাখ ৫৫ হাজার ৩৫৫ টাকার অবৈধ সম্পদ নিজ দখলে রেখেছেন। এছাড়া ঐ অর্থ আড়াল করতে বিদেশে পাচার করে মানি লন্ডারিং আইনেও অপরাধ করেন তিনি।
মামলাটি তদন্ত শেষে ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন। ২০২২ সালের ৮ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।