আরাভ খানের বিরুদ্ধে আরো দুইজনের সাক্ষ্য
পুলিশ পরিদর্শক মামুন হত্যা মামলায় আসামি দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খানসহ আটজনের বিরুদ্ধে আরো দুইজন সাক্ষ্য দিয়েছেন।
বুধবার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সল বিন আতিকের আদালতে এ মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। এদিন পুলিশের উপ-পরিদর্শক গোলাম মওলা ও কনস্টেবল মোহাম্মদ আবু নাঈম আদালতে সাক্ষ্য দেন।
এরপর আসামিপক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন। এদিন তাদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৫ সেপ্টেম্বর দিন ধার্য করেন। এ নিয়ে মামলায় ৩৮ জন সাক্ষীর মধ্য দিয়ে ১৪ জনের সাক্ষ্য শেষ হলো।
.png)
আরাভ খান বাদে মামলার অন্য আসামিরা হলেন- সুরাইয়া আক্তার কেয়া, রহমত উল্লাহ, স্বপন সরকার, মিজান শেখ, আতিক হাসান, সারোয়ার হাসান ও দিদার পাঠান। এর মধ্যে রবিউল ইসলাম ওরফে আরাভ খান ও সুরাইয়া আক্তার কেয়া পলাতক। কারাগারে থাকা বাকি ছয় আসামি এদিন আদালতে উপস্থিত ছিলেন।
এই মামলার অপ্রাপ্ত বয়স্ক দুই আসামি মেহেরুন্নেছা স্বর্ণা ওরফে আফরিন ওরফে আন্নাফী ও মোছা. ফারিয়া বিনতে মিম। তাদের বিরুদ্ধে ভিন্ন দোষীপত্র দাখিল করা হয়। তাদের বিচার শিশু আদালতে চলমান।
২০১৮ সালের ৯ জুলাই গাজীপুরের জঙ্গল থেকে মামুন ইমরান খানের লাশ উদ্ধার করা হয়। ঐ ঘটনায় মামুনের ভাই জাহাঙ্গীর আলম খান বাদী হয়ে রাজধানীর বনানী থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক শেখ মাহবুবুর রহমান ২০১৯ সালের ৮ এপ্রিল আদালতে এ মামলার চার্জশিট দাখিল করেন। ২০২১ সালের ২৫ নভেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত।