ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

পিকে হালদারের মামলায় অবশিষ্ট যুক্তি ১৩ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২৯, ৫ সেপ্টেম্বর ২০২৩
পিকে হালদারের মামলায় অবশিষ্ট যুক্তি ১৩ সেপ্টেম্বর
পিকে হালদার- ফাইল ফটো

অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে গ্লোবাল ইসলামী (সাবেক এনআরবি গ্লোবাল) ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পিকে) হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে করা মামলায় অবশিষ্ট যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ ১৩ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-১০ এ দুদকের আইনজীবী মীর আহাম্মেদ আলী সালাম যুক্তি তুলে ধরেন। তবে, সুকুমার মৃধা ও অনিন্দিতা মৃধার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য সময় চান সিনিয়র আইনজীবী এহেসানুল হক সমাজী। বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম সময়ের আবেদন মঞ্জুর করে অবশিষ্ট যুক্তিতর্ক উপস্থাপনের নতুন তারিখ ধার্য করেন। এর আগে অবন্তিকা বড়াল ও শংখ বেপারীর পক্ষে যুক্তিতর্ক শেষ হয়। 

তার আগে, গত ২৬ জুলাই আসামিদের আত্মপক্ষ সমর্থন শুনানি অনুষ্ঠিত হয়। এদিন কারাগারে থাকা চার আসামি নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রত্যাশা করেন। পিকে হালদারসহ ১০ আসামি পলাতক থাকায় তারা আত্মপক্ষের সমর্থনের সুযোগ পাননি। 

Advertisement

দুদকের আইনজীবী মীর আহাম্মদ আলী সালাম জানান, মামলাটিতে দুদকের পক্ষ থেকে যুক্তিতর্ক তুলে ধরা হয়েছে। আমরা আসামিদের সর্বোচ্চ সাজা প্রার্থনা করছি। পিকে হালদারসহ ১০ জন পলাতক রয়েছে। তাদের পক্ষে কোনো পদক্ষেপ নেয়ার সুযোগ নেই। মামলায় কারাগারে থাকা চার আসামির পক্ষে যুক্তিতর্ক শেষ হয়েছে। 

এর আগে, ২০ জুলাই মামলাটিতে সাক্ষ্য গ্রহণ শেষ হয়। মামলাটিতে ১০৮ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। পলাতক অপর আসামিরা হলেন- পি কে হালদারের মা লিলাবতী হালদার, পূর্ণিমা রানী হালদার, উত্তম কুমার মিস্ত্রি, অমিতাভ অধিকারী, প্রিতিশ কুমার হালদার, রাজিব সোম, সুব্রত দাস, অনঙ্গ মোহন রায় ও স্বপন কুমার মিস্ত্রি। দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম এ তথ্য নিশ্চিত করেন।

২০২০ সালের ৮ জানুয়ারি প্রায় ২৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পিকে হালদারের বিরুদ্ধে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন সংস্থাটির সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!