ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

সোনা উদ্ধারের ঘটনায় দুই চীনা নাগরিকের দায় স্বীকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪৯, ২৮ মে ২০২৪
সোনা উদ্ধারের ঘটনায় দুই চীনা নাগরিকের দায় স্বীকার
ছবি: সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার্জার লাইটের ভেতরে বিশেষ কায়দায় বহন করা সোয়া পাঁচ কেজি ওজনের ৪৬টি সোনার বারসহ গ্রেফতার চীনের দুই নাগরিক লিউ ঝনজিলাং ও চেনজেংক দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আসামি লিউ ঝনজিলাং ও ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট রশিদুল আলমের আদালতে আসামি চেনজেংক জবানবন্দি দেন।

মঙ্গলবার বিমানবন্দর থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের এসআই মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন,সোমবার তিনদিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Advertisement

এর আগে শুক্রবার (২৪ মে) তাদের ঢাকার চিফ মেট্রোপলিন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার সাব-ইন্সপেক্টর জাকির হোসাইন তাদের সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

ফ্লাই দুবাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে বৃহস্পতিবার সকাল ৬টা ৫০ মিনিটে ঢাকায় আসেন লিউ ঝনজিলাং ও চেনজেংক। ফ্লাইটটি বিমানবন্দরের ৭ নম্বর বোর্ডিং ব্রিজে সংযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে গোপন সংবাদের ভিত্তিতে প্লেনে তল্লাশি চালান গোয়েন্দারা। এ সময় ফ্লাইটের ১৪ এ এবং ১৩ এফ আসনে থাকা যাত্রী লিউ ঝনজিলাং ও চেনজেংকের পরিচয় নিশ্চিত করা হয়।

তল্লাশি করে তাদের কাঁধের ব্যাগে তিনটি চার্জার লাইট পাওয়া যায়। স্ক্যানিং মেশিনে লাইটগুলো পরীক্ষা করলে বিশেষ কায়দায় সোনার বার লুকিয়ে রাখার বিষয়টি ধরা পড়ে। পরে কাস্টমস হলে সব সংস্থার উপস্থিতিতে চার্জার লাইট তিনটি ভেঙে ৫ কেজি ৩৩৬ গ্রাম ওজনের ৪৬টি সোনার বার জব্দ করা হয়। এসব সোনার বাজারমূল্য ৫ কোটি ১ লাখ ৫৮ হাজার টাকা। এ ঘটনায় বিমানবন্দর থানায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: উদ্ধার সোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!