বিচারপতির নাম ভাঙিয়ে ঘুষ, হাইকোর্টের ২ কর্মচারীর জামিন
বিচারপতির নাম ভাঙিয়ে ঘুষ গ্রহণের অভিযোগে করা মামলায় হাইকোর্টের দুই কর্মচারীকে জামিন দিয়েছেন আদালত। তারা দু’জন হলেন- মো. আব্দুর রশিদ (৩৮) ও মো. হাফিজ (৩৪)।
শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালতে আসামিদের উপস্থিত করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অন্যদিকে আসামিদের জামিন চেয়ে আবেদন করেন তাদের আইনজীবীরা। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
জানা গেছে, বিচারপতি মো. আতোয়ার রহমানের নির্দেশক্রমে বেঞ্চ অফিসার সুজিত কুমার বিশ্বাস ঘুষ গ্রহণের অভিযোগে বাদী হয়ে শাহবাগ থানায় এ মামলাটি দায়ের করেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, বুধবার বিকেল ৫টায় ২৭ নম্বর আদালতের বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত বেঞ্চের এমএলএসএস মো. আব্দুর রশিদ (৩৮) ও রেজিস্টার জেনারেলের অফিসের এমএলএসএস মো. হাফিজ (৩৪) একটি মামলার আসামি থেকে ৯ লাখ ২০ হাজার টাকা ঘুষ নেন।
বিষয়টি বিচারপতির নজরে আসায় সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ পুলিশের সহায়তায় শাহবাগ থানা পুলিশের কাছে সেদিন রাত সাড়ে ৯টায় আসামিদের হস্তান্তর করা হয়।