ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

রানা প্লাজা ধস: সোহেল রানার জামিন স্থগিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১৮, ২ অক্টোবর ২০২৪
রানা প্লাজা ধস: সোহেল রানার জামিন স্থগিত
ছবি: সংগৃহীত

সাভারের আলোচিত রানা প্লাজা ধসে সহস্রাধিক মানুষের প্রাণহানির ঘটনায় করা হত্যা মামলার প্রধান আসামি রানা প্লাজার মালিক সোহেল রানাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। 

বুধবার রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।

এর আগে, মঙ্গলবার রানাকে ৬ মাসের জামিন দেন বিচারপতি আতাউর রহমান ও কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ। একই সঙ্গে তাকে কেনে স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন।

Advertisement

সোহেল রানার জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করবেন বলে ঐ দিনই জানিয়েছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ রানা।

এর আগে, ২০২৩ সালে সোহেল রানাকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। পরে জামিনের বিরোধিতা করে আপিল করে রাষ্ট্রপক্ষ। সেই আবেদনের শুনানি নিয়ে ৬ মাসের মধ্যে বিচারিক আদালতকে মামলা নিষ্পত্তির নির্দেশ দেন আপিল বিভাগ। আপিল বিভাগের সেই নির্দেশনা বাস্তবায়ন না করায় পুনরায় হাইকোর্টে জামিনের আবেদন করেন আসামি সোহেল রানা। সেই আবেদনে সাড়া দিয়ে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

২০১৩ সালে সাভারের রানা প্লাজা ধসে নিহত হন ১ হাজার ১৩৫ জন। ঐ ঘটনায় রানা প্লাজার মালিক সোহেল রানাকে প্রধান আসামি করে হত্যা মামলা করেন সাভার থানার এসআই আলী আশরাফ। আলোচিত ঐ মামলায় বিচারিক আদালতে সাক্ষ্যগ্রহণ চলছে। এখন পর্যন্ত ৯৩ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!