মোহাম্মদপুরে ডাকাতি: গ্রেফতারকৃত ছয়জন ৭ দিনের রিমান্ডে
রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনী ও র্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনায় গ্রেফতারকৃত ছয়জনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রিমান্ডপ্রাপ্তরা হলেন- জাকির হোসেন ওরফে জিন জাকির (৩৬), শরিফুল ইসলাম তুষার (৩৪), মাসুদুর রহমান (৪২), আরিফুল ইসলাম তরফদার (৩০), জাহিদ হাসান (৩৫) ও আব্দুস সালাম (৫০)।
সোমবার তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম তাদের দশদিনের রিমান্ডে নিতে আবেদন করেন।
.png)
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই লাখ বিশ হাজার টাকা, প্রায় চার ভরি ওজনের স্বর্ণালংকার ও দুটি আইফোন উদ্ধার করা হয়।
তার আগে শনিবার (১২ অক্টোবর) গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুরে সেনা ও র্যাবের পোশাক পরে সংঘবদ্ধ ডাকাত দল একটি বাসা থেকে সাড়ে ৭৫ লাখ টাকা ও ৬০ ভরি স্বর্ণালংকার লুট করে।
এ ঘটনায় বাড়ির মালিক ব্যবসায়ী আবু বক্কর মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন। সেই মামলায় গ্রেফতারকৃত ছয়জনকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করলেন আদালত।