ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

জি কে শামীমের জামিন বাতিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪৭, ৪ নভেম্বর ২০২৪
জি কে শামীমের জামিন বাতিল
জি কে শামীমকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ- ফাইল ফটো

জালিয়াতির মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ও মানববিদ্যা অনুষদ ভবনের নির্মাণ (২য় পর্যায়) কাজ নেয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় যুবলীগের সাবেক নেতা ও ঠিকাদার গোলাম কিব‌রিয়া শামীম ওরফে জি কে শামীমকে হাইকোর্টের দেওয়া জামিন বাতিল করেছেন আপিল বিভাগ।

সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। গত ৫ জুন এ মামলায় জি কে শামীমকে জামিন দেন হাইকোর্ট।

বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন। সেদিন আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী। দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান। আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী আলী হায়দার।

Advertisement

২০২০ সালের ২২ নভেম্বর জি কে শামীমসহ দুইজনের বিরুদ্ধে মামলাটি করেছে দুদক সমন্বিত কার্যালয় চট্টগ্রাম জেলা-১ এর সহকারী পরিচালক ফখরুল ইসলাম।

মামলায় অভিযোগ করা হয়, সর্বনিম্ন দরদাতা হিসেবে দি বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স-জিকেবিএলকে ৭৫ কোটি এক লাখ ২৯৫ টাকা ব্যয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ে করা ও মানববিদ্যা অনুষদ ভবন নির্মাণ কাজের কার্যাদেশ দেওয়া হয়। কিন্তু দরপত্রের নথি জালিয়াতি করা হয়েছে।

এ মামলায় ২০২১ সালের ২ ফেব্রুয়ারি জি কে শামীমকে গ্রেফতার দেখানো হয়।

ক্যাসিনোবিরোধী অভিযোগের মধ্যে ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর গুলশানের নিকেতনে শামীমের ব্যবসা প্রতিষ্ঠানেও অভিযান চালায় র‌্যাব। এ সময় ঐ ভবন থেকে বিপুল পরিমাণ টাকা, এফডিআর, আগ্নেয়াস্ত্র ও মদ উদ্ধার করা হয়। অভিযানের সময় জি কে শামীম ও তার ৭ দেহরক্ষীকে গ্রেফতার করা হয়। এরপর তাদের বিরুদ্ধে কয়েকটি মামলা করা হয়। এর মধ্যে দুই মামলায় শামীমের সাজা হয়েছে।

২০২৩ সালের ১৭ জুলাই মানি লন্ডারিং আইনের মামলায় জি কে শামীমকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম আদালত। বাকি সাত আসামিকে (জি কে শামীমের দেহরক্ষী) ৪ বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

এছাড়া তাদের সম্মিলিতভাবে ৩ কোটি ৮৩ লাখ ৩৫ হাজার ৮১৪ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেন আদালত। রায়ে আদালত তার জব্দ করা সমস্ত ব্যাংক হিসাব ও অস্থাবর সম্পত্তি অবমুক্ত করার আদেশ দেন। 

এছাড়া ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর জি কে শামীম ও তার ৭ দেহরক্ষীকে অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!