ব্যাংক ডাকাতির ঘটনায় গ্রেফতার নিরব ৩ দিনের রিমান্ডে
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন রূপালী ব্যাংকের চুলকুটিয়া জিঞ্জিরা শাখার ডাকাতির চেষ্টার সময় গ্রেফতার লিয়ন মোল্লা ওরফে নিরবের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া একই সময়ে গ্রেফতার দুই কিশোরের জবানবন্দি চলমান রয়েছে। তাদের দুজনেরই বয়স ১৬ বছর।
শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা দক্ষিণ কেরাণীগঞ্জ থানার উপ-পরিদর্শক হিরন কুমার বিশ্বাস তাদের আদালতে হাজির করে। এরপর গ্রেফতার লিয়ন মোল্লা ওরফে নিরবের বিরুদ্ধে সাতদিনের রিমান্ড এবং দুই কিশোর দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের জন্য আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। একইসঙ্গে দুই কিশোরের জবানবন্দি রেকর্ডের অনুমতি দেন।
গ্রেফতার লিয়ন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কুমুরিয়া গ্রামের বাসিন্দা কবির মোল্লার ছেলে। দুই কিশোরের বাড়ি দক্ষিণ কেরাণীগঞ্জের কদমতলী খালপাড় এলাকায়। লিয়ন পেশায় গাড়িচালক। বাকি দুজনের একজন একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী, আরেকজন মাদরাসার শিক্ষার্থী।
জানা গেছে, বৃহস্পতিবার ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে ব্যাংকটিতে ঢুকে কর্মকর্তাদের জিম্মি করে রাখে এই আসামিরা। জানতে পেরে স্থানীয়রা তাদের ভবনেই আটকে ফেলে। পরে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা এসে তাদের আটকসহ জিম্মিদের উদ্ধার করে। ঐ ঘটনায় ব্যাংকের সিনিয়র অফিসার তারেক মামুন বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলাটি করেন।