ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ আইন-আদালত ]

চানখারপুলে গণহত্যা: কনস্টেবল সুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২৩, ১ জানুয়ারি ২০২৫
চানখারপুলে গণহত্যা: কনস্টেবল সুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফাইল ফটো

আওয়ামী সরকার পতনের দিন গত ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে পাঁচজনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের কনস্টেবল সুজন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। 

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ। অন্যদিকে সুজন হোসেনের পক্ষে কোন আইনজীবী ছিলেন না। 

পরে গণমাধ্যমকে প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ বলেন, শাহবাগ থানার মামলায় গ্রেফতার আসামি পুলিশ কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেনকে প্রোডাকশন ওয়ারেন্টমূলে আইসিটি মামলায় গ্রেফতার দেখানোর জন্য আজ আমরা আবেদন করেছিলাম। ট্রাইব্যুনাল আমাদের আবেদন শুনানি শেষে তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন। আগামী ২৩ জানুয়ারি  উক্ত মামলার তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য করেছেন।

উল্লেখ্য, ৫ আগস্ট বেলা ১১ টায় চানখারপুলে বোরহানউদ্দিন কলেজের পাশে সুজন হোসেনকে কখনো দাঁড়িয়ে বা কখনো শুয়ে ছাত্র জনতার ওপর গুলি করতে দেখা গেছে। এমন একটি ভিডিও সেসময়ই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!