তদবির বন্ধে সচিবদের তথ্য উপদেষ্টার চিঠি
সরকারি দফতরে তদবির বন্ধের জন্য সচিবদের বরাবর আধা-সরকারি পত্র দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার এ চিঠি দেওয়া হয়। চিঠিতে উপদেষ্টা বলেন, সম্প্রতি নিজেদের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করা ও অবৈধ সুবিধা নেয়ার লক্ষ্যে কিছু অসাধু ব্যক্তি ও গোষ্ঠী আমার আত্মীয় পরিচয় বা নাম ব্যবহার করে বিভিন্ন দফতরে তদবির করছেন, যা সম্পূর্ণ অনৈতিক। এতে আমার সুনাম বিনষ্ট হচ্ছে।
আধা-সরকারি ঐ পত্রে আরো উল্লেখ করা হয়েছে, উপদেষ্টা নাহিদ ইসলামের সই জাল করে বিভিন্ন দফতরে সুপারিশ-সংবলিত আবেদন দাখিল করা করা হচ্ছে, যা এরই মধ্যে উপদেষ্টার গোচরীভূত হয়েছে। কেউ উপদেষ্টার আত্মীয় পরিচয় বা নাম ব্যবহার করে কোনো কাজ উদ্ধারের চেষ্টা করলে তা বিবেচনা না করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এতে আরো বলা হয়, কোনো প্রতিষ্ঠান ও আওতাধীন দফতর-সংস্থায় এ ধরনের কোনো তদবির হলে কিংবা উপদেষ্টার সই নকল বা জাল করে কোনো আবেদন দাখিল করা হলে, তা তাৎক্ষণিকভাবে উপদেষ্টা নাহিদ ইসলামের একান্ত সচিব (উপসচিব) র. হ. ম. আলাওল কবিরকে অবহিত করতে অনুরোধ করা হয়েছে।
চিঠিতে জানানো হয়, জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলনের লক্ষ্যে অন্তবর্তীকালীন সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আন্তরিকভাবে কাজ করছে।
রাষ্ট্র সংস্কারের সুবিশাল কার্যক্রম দ্রুততার সঙ্গে বাস্তবায়নে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতাও প্রত্যাশা করেছেন উপদেষ্টা নাহিদ।