২২ ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তি হাইকোর্টে
নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনায় মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন (ডেথ রেফারেন্স) ও সংশ্লিষ্ট আপিল দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ এ পর্যন্ত ২২টি ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তি করেছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
.png)
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকোর্ট বিভাগে নিয়মিত ডেথ রেফারেন্স শুনানির জন্য থাকা বেঞ্চগুলোর পাশাপাশি নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনায় মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন এবং সংশ্লিষ্ট আপিল অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত নিষ্পত্তির জন্য একটি বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করা হয়েছে। চলতি বছরের জুনে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এই বেঞ্চ গঠন করেন।
বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চে অগ্রাধিকার দিয়ে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি করা হয়। এর মধ্যে স্ত্রী হত্যার কয়েকটি মামলা, শরীয়তপুরের স্কুলছাত্রী রিমা ধর্ষণ ও হত্যা মামলা, পিরোজপুরের ঝর্ণা হত্যা মামলা এবং ফেনীর নুসরাত হত্যা মামলাসহ মোট ২২টি ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তি হয়েছে।
সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ বেঞ্চ গঠনের পর ২২টি ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তির মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি দীর্ঘদিন ধরে বিচারাধীন গুরুতর ফৌজদারি মামলাগুলো নিষ্পত্তিতেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
আইন অনুযায়ী, কোনো বিচারিক আদালত আসামিকে মৃত্যুদণ্ড দিলে তা কার্যকর করার আগে হাইকোর্টের অনুমোদন প্রয়োজন। ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারায় এ বিধান রয়েছে। মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য বিচারিক আদালতের রায়সহ মামলার প্রয়োজনীয় নথি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়।
ডেথ রেফারেন্সের পাশাপাশি দণ্ডিত আসামির আপিল বা জেল আপিলের শুনানি শেষে হাইকোর্ট এ বিষয়ে চূড়ান্ত রায় ঘোষণা করেন।