সাব রেজিস্টার অফিসগুলোয় অডিট আপত্তি নিষ্পত্তির সুপারিশ
সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় আইন ও বিচার বিভাগের সাব রেজিস্টার অফিসগুলোয় অডিট আপত্তির ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিয়ে নিষ্পত্তির সুপারিশ করা হয়েছে।
রোববার কমিটির সভাপতি মো. রুস্তম আলী ফরাজীর সভাপতিত্বে সংসদের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য আবুল কালাম আজাদ, মো. আব্দুস শহীদ, মো. শহীদুজ্জামান সরকার, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, মনজুর হোসেন এবং আহসানুল ইসলাম টিটু সভায় অংশগ্রহণ করেন।
সভায় সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ৫৫, ৫৬, ৫৭তম বৈঠকের সিদ্ধান্ত নিশ্চিত করা হয়।
সভায় জমির শ্রেণি পরিবর্তন করে রেজিস্ট্রেশন করায় রেজিস্ট্রেশন ফি ও অন্যান্য শুল্ককরাদি কম আদায় করায় সরকারের রাজস্ব ক্ষতির অডিট আপত্তিতে কমিটি ভবিষ্যতে ভূমি মন্ত্রণালয়ের সহায়তা নিয়ে নামজারি যেন যথাযথভাবে করা হয়, সে বিষয়ে সুপারিশ করা হয়। একই সঙ্গে আপত্তিকৃত টাকা আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও অনিয়ম চিহ্নিত করে প্রতিকারের উপায় উল্লেখ করার সুপারিশ করা হয়।
সভায় উত্থাপিত অডিট আপত্তির পর্যালোচনা ও বিশ্লেষণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।
সভায় সিএজি, প্রতিরক্ষা ক্রয় মহাপরিদফতরের মহাপরিচালক, প্রতিরক্ষা অডিট অধিদফতরের মহাপরিচালক, আইজিআরের মহাপরিদর্শক, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।