ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বাড়ছে শীতের তীব্রতা, যা জানালো আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:৩৮, ৩১ ডিসেম্বর ২০২১
বাড়ছে শীতের তীব্রতা, যা জানালো আবহাওয়া অফিস
ফাইল ছবি

দেশজুড়ে কনকনে ঠান্ডা শুরু হয়েছিল ডিসেম্বরের শুরু থেকেই। এ মাসের শেষ দিকে শৈত্যপ্রবাহের আভাসও ছিল। মধ্য ডিসেম্বরেই দেশের ১০টি জেলায় শৈত্যপ্রবাহের পর কমে যায় শীতের তীব্রতা। আর বর্তমানে দেশের অধিকাংশ শহরে পাওয়া যাচ্ছে হালকা উষ্ণতা।

আবহাওয়া অফিস জানিয়েছে, গড়ে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকা, বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় কম থাকা এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে ফারাক বেশি থাকায় শীত কম অনুভূত হয়েছে। তবে দেশ জুড়ে ধীরে ধীরে বাড়বে শীতের তীব্রতা।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, দেশের উত্তরাঞ্চলের তেঁতুলিয়া ও রাজারহাটে এখনও শৈত্যপ্রবাহ চলছে। তবে অন্যান্য এলাকায় গরম-গরম ভাব। শুক্রবারও অঞ্চলভেদে সর্বনিম্ন তাপমাত্রা হঠাৎ বেড়ে যায়।

Advertisement

এদিকে ৩০ বছর ধরে দেশে ৩১ ডিসেম্বর সর্বনিম্ন স্বাভাবিক তাপমাত্রা যা ছিল, শুক্রবার তার চেয়ে অঞ্চলভেদে ১ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এর মধ্যে ঢাকায় সবচেয়ে বেশি ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদরা বলছেন, দিনে উষ্ণতা আর রাতে মৃদু শীতের এই অনুভূতি আর এক দুই দিন চলবে। আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, শনিবার থেকে ঢাকায় সপ্তাহজুড়ে একটু একটু করে শীত বাড়বে। এ সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠা-নামা করবে।

এছাড়া রংপুর বিভাগের পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে এবং এ সপ্তাহে পার্শ্ববর্তী জেলাগুলোতে মৃদু শৈত্যপ্রবাহ হতে পারে।

আবহাওয়া অধিদফতরের তথ্যানুসারে, দেশে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়ায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল। সর্বোচ্চ তাপমাত্রা ফেনী জেলা ও সীতাকুণ্ড উপজেলায়। সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে কক্সবাজারে সবচেয়ে বেশি ১৮ ডিগ্রি সেলসিয়াস।

আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: তীব্র শীত
লিংক সফলভাবে কপি হয়েছে!