অনলাইন নিউজ পোর্টাল প্রকাশে নিবন্ধন বাধ্যতামূলক
অনলাইন নিউজ পোর্টাল প্রকাশ বা পরিচালনা করতে হলে অবশ্যই নীতিমালার আলোকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় হতে নিবন্ধন গ্রহণ করতে হবে।
বুধবার এক তথ্যবিবরণীতে বলা হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রণীত জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) অনুযায়ী অনলাইন নিউজ পোর্টাল প্রকাশের জন্য নিবন্ধন গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অনেকেই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় হতে নিবন্ধন গ্রহণ ব্যতিরেকে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) থেকে ডোমেইন গ্রহণ করে অনলাইন নিউজ পোর্টাল পরিচালনা করছেন।
এর কারণ অধিকাংশ ক্ষেত্রে ভুল, অসত্য ও ভিত্তিহীন তথ্য ও সংবাদ প্রচার করা হচ্ছে, যা জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। ফলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। অনলাইন নিউজ পোর্টাল প্রকাশ বা পরিচালনা করতে হলে অবশ্যই নীতিমালার আলোকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় হতে নিবন্ধন গ্রহণ করতে হবে।
.png)
সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ সংক্রান্ত এক পরিপত্র জারি করে বলে তথ্যবিবরণীতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, ২৬২টি নিউজ পোর্টাল ও দৈনিক সংবাদপত্রের অনলাইন সংস্করণকে নিবন্ধনের অনুমোদন দেয় সরকার। এর মধ্যে গত বছরের ৩১ জুলাই প্রথম দফায় ৩৪টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের অনুমতি দেয় তথ্য মন্ত্রণালয়। এরপর ৪ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় নিবন্ধনের অনুমতি পায় ৯২টি দৈনিক সংবাদপত্রের অনলাইন সংস্করণ।
সর্বশেষ গত বছর ২৯ নভেম্বর তৃতীয় দফায় ৫১টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের অনুমতি দেওয়া হয়। নিউজ পোর্টাল ও দৈনিক সংবাদপত্রের অনলাইন সংস্করণ মিলিয়ে মোট ২৬২টি পোর্টালকে নিবন্ধনের অনুমতি দিয়েছে সরকার।