ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

নাপা সিরাপ খেয়ে শিশু মৃত্যু হয়েছে কি-না জানা যাবে মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৪, ১৪ মার্চ ২০২২
নাপা সিরাপ খেয়ে শিশু মৃত্যু হয়েছে কি-না জানা যাবে মঙ্গলবার
ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ‘নাপা সিরাপ খেয়ে’ দুই শিশুর মৃত্যুর ঘটনায় ঔষুধ প্রশাসন অধিদফতরের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আগামীকাল মঙ্গলবার জানা যাবে। 

এর আগে, তদন্ত কার্যক্রম শেষ করে নাপা সিরাপের নমুনা নিয়ে গতকাল ঢাকায় ফেরেন তদন্ত কমিটির প্রধান ডা. আকিব হোসেনের নেতৃত্বাধীন ঔষুধ প্রশাসনের প্রতিনিধি দল।

সোমবার বেলা ১১টার দিকে ঔষুধ প্রশাসন অধিদফতরের মুখপাত্র ও পরিচালক আইয়ুব হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

Advertisement

তিনি বলেন, ঔষুধ প্রশাসন অধিদফতর থেকে দুটি প্রতিনিধিদল ব্রাহ্মণবাড়িয়া ও বেক্সিমকো ফার্মাসিটিক্যালস পাঠানো হয়েছিল। তাদের তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সে হিসেবে আগামীকাল (মঙ্গলবার) যেকোনো সময়ে প্রতিবেদন জমা দেবেন। ব্রাহ্মণবাড়িয়ায় নাপা সিরাপ খেয়ে মৃত্যুর মূল কারণ, তখনই হয়তো জানা যাবে।

আরো পড়ুন>>> দুই সন্তান ফেলে গৃহবধূ ঢাকায়, প্রেমিকের বাসায় মিলল মরদেহ

তিনি বলেন, আমরা এরই মধ্যে সারাদেশের জেলা ও বিভাগীয় পর্যায়ে ঔষুধ প্রশাসনের কর্মকর্তাদের দিক-নির্দেশনা পাঠিয়েছি। সারাদেশেই নির্দিষ্ট ঐ ব্যাচের নাপা সিরাপের পরীক্ষা-নিরীক্ষা চলছে। আশা করছি ঘটনার মূল কারণ খুব শিগগিরই বেরিয়ে আসবে।

এর আগে, গতকাল শিশু মৃত্যুর ঘটনায় গঠিত ঔষুধ প্রশাসন অধিদফতরের তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুই শিশুর স্বজনদের সঙ্গে কথা বলেন। পরে তদন্ত কমিটির প্রধান ডা. আকিব হোসেন সাংবাদিকদের বলেন, ঘটনাটি আসলে রহস্যজনক বিষয়। 

গত ১০ মার্চ রাতে আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে ‘নাপা সিরাপ খেয়ে’ ইয়াছিন খান (৭) ও মোরসালিন খান (৫) নামে দুই সহোদর শিশুর মৃত্যুর অভিযোগ তোলেন স্বজনরা। মৃত দুই শিশু দুর্গাপুর গ্রামের ইটভাটা শ্রমিক ইসমাঈল হোসেন খানের ছেলে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: নাপা সিরাপ
লিংক সফলভাবে কপি হয়েছে!