ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘নাপা সিরাপ সেবনের ১০-১৫ মিনিটের মধ্যে রিঅ্যাকশন রহস্যজনক’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩০, ১৩ মার্চ ২০২২
‘নাপা সিরাপ সেবনের ১০-১৫ মিনিটের মধ্যে রিঅ্যাকশন রহস্যজনক’
দুর্গাপুর গ্রামে তদন্তে যান ঔষধ প্রশাসন অধিদফতরের পরিচালকসহ পাঁচ কর্মকর্তা

ঔষধ প্রশাসন অধিদফতরের পরিচালক আকিব হোসেন বলেছেন, দুই শিশুকে নাপা সিরাপ সেবনের ১০-১৫ মিনিটের মধ্যে রিঅ্যাকশনের বিষয়টি রহস্যজনক। এরই মধ্যে সিরাপটির নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

‘ওষুধ সেবনে’ দুই শিশুর মৃত্যুর ঘটনায় রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে তদন্তে গিয়ে তিনি এসব কথা বলেন।

ঔষধ প্রশাসন অধিদফতরের পরিচালক বলেন, দুই শিশুর পরিবারের সদস্যরা বলছেন ওষুধ সেবনের পরই তারা অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি ঊর্ধ্বতনদের সঙ্গে আলোচনা করা হবে। ওষুধটিতে কী এমন উপাদান ছিল, যেটি খাওয়ার ১০-১৫ মিনিটের মধ্যে রিঅ্যাকশন করল। বিষয়টি আসলে রহস্যজনক। এ রহস্য উদঘাটন করতে হয়তো সময় লাগবে।

Advertisement

১০ মার্চ রাতে আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামে ‘নাপা সিরাপ খেয়ে’ সাত বছর বয়সী ইয়াছিন খান ও পাঁচ বছরের মোরসালিন খানের মৃত্যু হয়। ঘটনার পর বিষয়টি তদন্ত শুরু করেছে ঔষধ প্রশাসন অধিদফতর।

এরই পরিপ্রেক্ষিতে রোববার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে দুই শিশুর বাড়িতে যান ঔষধ প্রশাসন অধিদফতরের পরিচালকসহ পাঁচ কর্মকর্তা। এর মধ্যে দুজন উপ-পরিচালক ও দুজন সহকারী পরিচালক এবং একজন পরিদর্শক ছিলেন। পরে দুই শিশুর মা লিমা বেগম, চাচা উজ্জল মিয়া ও দাদি লিলুফা বেগমের সঙ্গে কথা বলে সাক্ষ্য নেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!